গোপালগঞ্জে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে পড়ে নারী-শিশুসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন।
মঙ্গলবার (৩০ জুন) দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার সোনাসুরে এ দুর্ঘটনা ঘটে।
ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের উপপরিদর্শক নৃপেন চন্দ্র দাস দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
নৃপেন চন্দ্র দাস জানান, পিরোজপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী সেবা গ্রীন লাইনের একটি যাত্রীবাহী বাস সোনাসুর এলাকায় পৌঁছালে একটি ট্রাককে ওভারটেক করার চেষ্টা করে। এসময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। এতে বাসটির সামনের অংশ দুমড়েমুচড়ে গেলে বাসে থাকা নারী-শিশুসহ অন্তত ২৫ যাত্রী আহত হন।
পরে খবর পেয়ে পুলিশ ও ফাসায় সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল ও গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে প্রেরণ করে।








