গ্রীষ্মের দিনে মনে মনে খুব হতাম খুশিতে হারা
মাতিয়ে তুলেছি এখানে ওখানে সারা গ্রাম সারা পাড়া।
আম কাঁঠালের বন্ধ থাকত স্কুল এক মাস ধরে
মামাবাড়ি ছুটে গিয়েছি তখন ঘোড়ার গাড়িতে চড়ে।
দুপুর বেলার তীব্র গরমে শরীরটা যেত ঘেমে
গরম তাড়াতে কেটেছি সাঁতার পুকুরের জলে নেমে।
দুপুরের শেষে খানাপিনা করে বড়রা যখন ঘুমে
হাঁড়ি ও পাতিলে টোপাটুপি খেলে সময় কেটেছে রুমে।
বিকাল বেলায় খেলতাম গিয়ে গ্রামের পাশের মাঠে
পহেলা বোশেখে ছুটিয়ে যেতাম বারুণী মেলার হাটে।
সন্ধ্যা হলেই পড়ে যেত ধুম সারাটা উঠোন জুড়ে
দাদির মুখের রূপকথা যেন নিয়ে যেত বহু দূরে।
হানা দিয়ে যেত হঠাৎ হঠাৎ কাল-বৈশাখী ঝড়ে
ঝড়ের পরেই আম কুড়াতাম ঝুড়ি-ঝাড় ভরে ভরে।
এমন করেই কাটিয়েছি সব গ্রীষ্মের দিনগুলো
তোমরাই বল, সোনালি সেদিন কেমন করিয়া ভুলি?
বিনোদন আজ নাগালেই নেই পড়া আর শুধু পড়া
এত এত সব বই পড়েও কী হচ্ছে মানুষ গড়া?








