২০২৭ সালের সরকারি হজ প্যাকেজ ঘোষণা উপলক্ষে প্রেস ব্রিফিং ডেকে আবারও তা স্থগিত করেছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। গতকাল মঙ্গলবার (১৪ জুলাই) ও আজ বুধবার (১৫ জুলাই) টানা দুদিন প্রথমে ব্রিফিংয়ের সময় পরিবর্তন এবং পরে সেটি স্থগিত করা হয়। 

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. বকর সিদ্দিক জানান, ‘অনিবার্য কারণবশত’ ব্রিফিংটি স্থগিত করা হয়েছে।

একাধিকবার প্রেস ব্রিফিং ডেকে তা স্থগিত করায় ২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা নিয়ে ধর্ম মন্ত্রণালয়ে প্রকৃতপক্ষে কী ঘটছে, তা নিয়ে সংশ্লিষ্ট মহলে শুরু হয়েছে নানান আলোচনা।

নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, হজ প্যাকেজে বিমান ভাড়া নির্ধারণসহ আরও কয়েকটি বিষয় নিয়ে বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রী প্রেরণকারী সংগঠন হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)-এর সঙ্গে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের টানাপোড়েন চলছে। ভিন্ন একটি সূত্র জানায়, বিমান ভাড়া কমানো নিয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সঙ্গে ধর্ম মন্ত্রণালয়ের দর কষাকষি চলছে।

আরও পড়ুন

২০২৭ সালের সরকারি হজ প্যাকেজ ঘোষণা বিকেলে

প্রতিবছর বাংলাদেশ থেকে পবিত্র হজ পালন করতে যাওয়া যাত্রীদের সিংহভাগই বিভিন্ন বেসরকারি এজেন্সির মাধ্যমে সৌদি আরব যান। ফলে বিমান ভাড়াসহ বিভিন্ন বিষয়ে মন্ত্রণালয় ও হাবের মধ্যে সমঝোতা না হওয়ায় বর্তমান পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

চলতি বছর (২০২৬) মোট ৮৭ হাজার ১৫৭ জন বাংলাদেশি হজ পালন করছেন। তাদের মধ্যে ৫ হাজার ২০০ জন সরকারি ব্যবস্থাপনায় এবং ৮১ হাজার ৯০০ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজে অংশ নেন।

ধর্মবিষয়ক মন্ত্রণালয় ঘোষিত সরকারি ব্যবস্থাপনার তিনটি প্যাকেজের মধ্যে প্যাকেজ-১ (বিশেষ)-এর মূল্য ছিল ৬ লাখ ৯০ হাজার ৫৯৭ টাকা, প্যাকেজ-২-এর মূল্য ৫ লাখ ৫৮ হাজার ৪৪১ টাকা এবং প্যাকেজ-৩ (সাশ্রয়ী)-এর মূল্য চিল ৪ লাখ ৬৭ হাজার ১৬৭ টাকা। অন্যদিকে, বেসরকারি ব্যবস্থাপনার একটি সাধারণ প্যাকেজের মূল্য নির্ধারণ করা হয়েছিল ৫ লাখ ৯ হাজার ১৮৫ টাকা।

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিকেলে সরকারি হজ প্যাকেজ ঘোষণার কথা রয়েছে বলে জেনেছি। পাশাপাশি আগামীকাল হাবেরও প্যাকেজ ঘোষণার কথা রয়েছে। তবে সরকারি প্যাকেজ ঘোষণা না হলে আমাদেরও নতুন করে পরিস্থিতি বিবেচনা করতে হবে।—ফরিদ আহমেদ মজুমদার

নাম প্রকাশ না করার শর্তে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের একজন দায়িত্বশীল কর্মকর্তা জাগো নিউজকে জানান, রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভাড়া আরও কমাতে চায় ধর্মবিষয়ক মন্ত্রণালয়।

এ নিয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সঙ্গে একাধিক দফায় বৈঠক হয়েছে। গত বছরের তুলনায় বিমান ভাড়া কিছুটা কমাতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সম্মত হলেও ধর্মবিষয়ক মন্ত্রণালয় আরও কমানোর চেষ্টা করছে। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয়নি।

আরও পড়ুন

হজের প্রাক-নিবন্ধনে দিতে হবে যেসব তথ্য

গতকাল মঙ্গলবার সরকারি হজ প্যাকেজ ঘোষণা উপলক্ষে বেলা সাড়ে ১১টায় সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়। এতে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ হজ প্যাকেজ ঘোষণা করবেন বলে জানানো হয়েছিল।

পরে একই দিন ব্রিফিংয়ের সময় পরিবর্তন করে বিকেল সাড়ে ৩টায় নির্ধারণ করা হয়। কিন্তু অনিবার্য কারণ দেখিয়ে সেটিও স্থগিত করা হয়।

গতকালের মতো আজ বুধবারও প্রথমে বেলা সাড়ে ১১টায় হজ প্যাকেজ ঘোষণা উপলক্ষে প্রেস ব্রিফিং ডাকা হয়। পরে সময় পরিবর্তন করে বিকেল সাড়ে ৩টায় করার কথা জানানো হলেও দুপুরে আবারও অনিবার্য কারণ দেখিয়ে সেটি স্থগিত করা হয়।

এ বিষয়ে জানতে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।

একাধিকবার প্রেস ব্রিফিং ডেকে তা স্থগিত করায় ২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা নিয়ে ধর্ম মন্ত্রণালয়ে প্রকৃতপক্ষে কী ঘটছে, তা নিয়ে সংশ্লিষ্ট মহলে শুরু হয়েছে নানান আলোচনা

এদিকে, আগামীকাল বৃহস্পতিবার (১৬ জুলাই) বেসরকারি ব্যবস্থাপনার হজ প্যাকেজ ঘোষণা উপলক্ষে রাজধানীর পুরানা পল্টনে প্রেস ব্রিফিং ডেকেছে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)। তারা নির্ধারিত সময়ে ব্রিফিং করবে, নাকি সেটিও স্থগিত হবে—তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এ বিষয়ে জানতে চাইলে হাব মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার বুধবার দুপুরে জাগো নিউজকে বলেন, ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিকেলে সরকারি হজ প্যাকেজ ঘোষণার কথা রয়েছে বলে জেনেছি। পাশাপাশি আগামীকাল হাবেরও প্যাকেজ ঘোষণার কথা রয়েছে। তবে সরকারি প্যাকেজ ঘোষণা না হলে আমাদেরও নতুন করে পরিস্থিতি বিবেচনা করতে হবে।

আরও পড়ুন

হজে অনিয়ম: অর্ধশতাধিক এজেন্সির বিরুদ্ধে নেওয়া হচ্ছে ব্যবস্থা

তিনি জানান, ২০২৭ সালের হজযাত্রীদের বিমান ভাড়া কমানোর দাবি জানিয়ে আসছে হাব। তাদের দাবি, বিমান ভাড়া ১ লাখ ৩০ হাজার টাকা নির্ধারণ করা হোক। তার জানা মতে, গত বছরের তুলনায় বিমান ভাড়া কিছুটা কমানো হয়েছে। তবে সেটি আরও কমানোর দাবি তারা অব্যাহত রেখেছেন।

এদিকে, বারবার প্রেস ব্রিফিং স্থগিত কেন করা হচ্ছে সে সম্পর্কে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. বকর সিদ্দিকের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি। তিনি আগেই খুদেবার্তা মাধ্যমে জানিয়েছিলেন‘অনিবার্য কারণবশত’ প্রেস ব্রিফিং স্থগিত করা হয়েছে।

এমইউ/এমকেআর