হামে আক্রান্ত প্রায় ২০০ পরিবারের প্রত্যেককে ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দিয়েছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। একই সঙ্গে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন হাম রোগী ও স্বাস্থ্যকর্মীদের মধ্যে হাইজিন কিট বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৩০ জুন) বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সহযোগিতায় এবং চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্টের বাস্তবায়নে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ও চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্টের চেয়ারম্যান ডা. শাহাদাত হোসেন বলেন, দেশের বিভিন্ন দুর্যোগ, সংকট ও মানবিক বিপর্যয়ে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি দীর্ঘদিন ধরে মানুষের পাশে থেকে কাজ করে আসছে।
তিনি বলেন, হামে আক্রান্ত রোগী ও তাদের পরিবারের জন্য এ সহায়তা কার্যক্রম মানবিক দায়িত্ববোধের একটি উদাহরণ। সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোই রেড ক্রিসেন্টের মূল অঙ্গীকার।
আরও পড়ুন
হামের উপসর্গ নিয়ে প্রাণ গেলো আরও দুই শিশুর
মেয়র আরও বলেন, চট্টগ্রাম সিটি যুব রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকেরা ধারাবাহিকভাবে বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছেন। ভবিষ্যতেও তারা আরও বৃহত্তর পরিসরে মানবকল্যাণে কাজ করবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে জানানো হয়, হামে আক্রান্ত প্রায় ২০০ পরিবারের প্রত্যেককে অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। পাশাপাশি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন হাম রোগী ও স্বাস্থ্যকর্মীদের মধ্যে হাইজিন কিট বিতরণ করা হয়।
এ সময় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দীন, চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্টের সেক্রেটারি গোলাম বাকি মাসুদ, কার্যকরী পর্ষদের সদস্য জিয়াউল হক সোহেল এবং চট্টগ্রাম সিটি যুব রেড ক্রিসেন্টের যুবপ্রধান দীপ্ত ভট্টাচার্যসহ সংগঠনের নেতা ও স্বেচ্ছাসেবকেরা উপস্থিত ছিলেন।
এমআরএএইচ/এসএইচএস








