হরমুজ প্রণালি খুলে দেওয়া নিয়ে উত্তেজনার মধ্যে আলোচনার জন্য ওমান সফর করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। শনিবার তিনি দেশটির রাজধানী মাসকাটে পৌঁছান। এ সময় ওমানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ বদর আবুসাইদি তাকে বিমানবন্দরে স্বাগত জানান।

ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিমের বরাত দিয়ে আলজাজিরা এ খবর জানিয়েছে। সূত্র জানায়, দ্বিপাক্ষিক সম্পর্ক ও আঞ্চলিক পরিস্থিতি-বিশেষ করে হরমুজ প্রণালির বিষয় নিয়ে আলোচনার জন্য ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি একটি কূটনৈতিক প্রতিনিধিদলের নেতৃত্ব দিয়ে ওমান সফর করেন। হরমুজ প্রণালি খুলে দিতে যুক্তরাষ্ট্রের ক্রমাগত চাপের মধ্যে তিনি এ সফর করলেন। ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনার তথ্যমতে, সফরকালে হরমুজ প্রণালি নিয়ে দুই পররাষ্ট্রমন্ত্রী আলোচনা করবেন। তবে এ সফর বা পরিকল্পিত বৈঠকগুলো সম্পর্কে তাৎক্ষণিকভাবে আর কোনো বিস্তারিত তথ্য জানানো হয়নি।

এর আগে জুনের মাঝামাঝি সময়ে, সামরিক সংঘাতের অবসান ঘটিয়ে একটি দীর্ঘস্থায়ী শান্তিচুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে পাকিস্তানের মধ্যস্থতা করা একটি সমঝোতা স্মারকে ইরান ও যুক্তরাষ্ট্র সম্মত হয়। তবে হরমুজ প্রণালিতে তিনটি বাণিজ্যিক জাহাজের ওপর ইরানের হামলার জেরে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে মঙ্গল ও বুধবার উভয়পক্ষ পালটাপালটি হামলা চালিয়েছে। ইরান মার্কিন হামলার জবাবে বৃহস্পতিবার বাহরাইন, কুয়েত, কাতার ও জর্ডানে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনাগুলোর ওপর ধারাবাহিক হামলা চালায়। হরমুজ প্রণালির একাংশ ইরান ও অন্য অংশটি ওমানের মধ্যে পড়ে। এরই মধ্যে ইরান জানিয়েছে, তারা যৌথভাবে প্রণালির নিয়ন্ত্রণ করবে। সম্প্রতি ইরানের পার্লামেন্টে স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ জানান, এ নিয়ে ইরান এবং ওমানের মধ্যে একটি সমঝোতাও হয়েছে। তবে যুক্তরাষ্ট্র চায়-তেহরান যেন যুদ্ধের আগের মতো প্রণালি উন্মুক্ত করে দেয়। এতে সম্মত নয় তেহরান।