কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে যত্রতত্র গাড়ি পার্কিং বন্ধে বিশেষ অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন ও বিআরটিএ। শনিবার (৪ জুলাই) হাসপাতাল চত্বরে পরিচালিত এই ভ্রাম্যমাণ আদালতে ৭টি মামলায় মোট ১৪ হাজার টাকা জরিমানা করা হয়।হাসপাতাল সূত্র জানায়, শুক্রবার (৩ জুলাই) রাতে হাসপাতাল পরিদর্শনে যান কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য আমির হামজা। পরিদর্শনকালে হাসপাতালের প্রবেশপথে বিশৃঙ্খলভাবে গাড়ি পার্কিং দেখে তিনি ক্ষোভ প্রকাশ করেন এবং জেলা প্রশাসককে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ দেন। এরই পরিপ্রেক্ষিতে শনিবার সকালে হাসপাতালের জরুরি বিভাগের সামনে এই অভিযান চালানো হয়।অভিযানকালে হাসপাতালের পরিবেশ নষ্ট করা এবং জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টির অভিযোগে সড়ক পরিবহন আইন-২০১৮ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়। অবৈধভাবে পার্কিং করা মোটরসাইকেল, ব্যক্তিগত গাড়ি ও অ্যাম্বুলেন্সের বিরুদ্ধে ৭টি মামলা দায়ের করা হয়। এছাড়া অটোরিকশা ও অ্যাম্বুলেন্স চালকদের যত্রতত্র গাড়ি না রাখার জন্য সতর্ক করা হয়েছে।কুষ্টিয়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জিলকদ হোসেন বলেন, “হাসপাতাল এলাকায় জরুরি সেবা নিশ্চিত করতে চলাচলের পথ সবসময় সচল রাখা প্রয়োজন। যত্রতত্র পার্কিংয়ের কারণে রোগী ও অ্যাম্বুলেন্স চলাচলে বিঘ্ন ঘটছিল। জনস্বার্থে এই অভিযান চালানো হয়েছে এবং শৃঙ্খলা রক্ষায় এমন তৎপরতা অব্যাহত থাকবে।”হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. ইকবাল হাসান বলেন, নির্দিষ্ট স্থানে পার্কিং না করে যারা জরুরি বিভাগের সামনে যানবাহন রেখেছিলেন, তাদের জরিমানা ও সতর্ক করা হয়েছে।এদিকে অ্যাম্বুলেন্স চালক শামীম আহমেদ অভিযোগ করেন, হাসপাতালে অ্যাম্বুলেন্স পার্কিংয়ের জন্য নির্দিষ্ট কোনো জায়গা নেই। জরুরি রোগীর সেবার প্রয়োজনে নিরুপায় হয়েই তারা জরুরি বিভাগের সামনে গাড়ি রাখেন।/
রাজনীতি
হাসপাতালে বিশৃঙ্খলা রোধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

শেয়ার করুন







