গাইবান্ধার সুন্দরগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। ৬৯ সদস্য বিশিষ্ট এই কমিটিতে মো. শাহাদৎ জামান জিকো আহ্বায়ক ও মো. আশানুর রহমানকে সদস্যসচিব করা হয়েছে।
গতকাল শনিবার রাতে এনসিপির গাইবান্ধা জেলা কমিটির আহ্বায়ক খাদেমুল ইসলাম খুদি ও ভারপ্রাপ্ত সদস্যসচিব রাহাত ইবনে শহীদ স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।
আহ্বায়ক কমিটি আগামী ছয় মাসের জন্য অনুমোদন দেওয়া হয়েছে উল্লেখ করে চিঠিটি সুন্দরগঞ্জ উপজেলার এনসিপির নেতৃবৃন্দের কাছে পাঠানো হয়েছে।
আহ্বায়ক কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে মো. লুৎফর রহমান বকসিকে। তিনি পূর্বের কমিটিতে প্রধান সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া যুগ্ম আহ্বায়ক করা হয়েছে ৮ জনকে। মো. আলমগীর হোসেন আলমকে সিনিয়র যুগ্ম সদস্যসচিব করে ৯ জনকে যুগ্ম সদস্য সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে। মো. আজিজুর রহমানকে সাংগঠনিক সম্পাদক করে সহ-সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে ৯ জনকে। জুলাই গণঅভ্যুত্থান ও মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক করা হয়েছে মো. বেলাল হোসেন বিপুলকে। এছাড়াও আহ্বায়ক কমিটিতে ৩৭ জন সাধারণ সদস্য রয়েছেন।
নবগঠিত কমিটির আহ্বায়ক মো. আল শাহাদৎ জামান জিকো ও সদস্যসচিব মো. আশানুর রহমান বলেন, ‘দলের আদর্শ ও কর্মসূচি তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে এবং সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব। পাশাপাশি সুন্দরগঞ্জে একটি শক্তিশালী ও সক্রিয় সাংগঠনিক ভিত্তি গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য।’








