গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) কর্মসূচির আওতায় রাজশাহী মহানগরের ২৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের মাঝে ৪০ লাখ টাকার অনুদানের চেক বিতরণ করা হয়েছে। রোববার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে এই চেক বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মাহমুদা হাবীবা। অনুষ্ঠানে তিনি বলেন, রাজশাহী তাঁর ভালোবাসার শহর এবং এখান থেকেই তাঁর শিক্ষাজীবনের সূচনা। শিক্ষা নগরী হিসেবে পরিচিত রাজশাহীর শিক্ষা ব্যবস্থার উন্নয়নে তিনি সর্বাধিক কাজ করতে চান।

সভায় সভাপতিত্ব করেন রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম। তিনি বলেন, সরকারি অর্থ যথাযথভাবে ব্যয় নিশ্চিত করতে জেলা প্রশাসন নিয়মিতভাবে প্রকল্পগুলোর বাস্তবায়ন তদারকি করবে।

অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মহিনুল হাসান, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আব্দুল হাই সরকারসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধি এবং জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।