বর্তমানে অনলাইন প্রতারণা আগের যে কোনো সময়ের তুলনায় অনেক বেশি বেড়েছে। ভুয়া কেওয়াইসি আপডেট, ডিজিটাল অ্যারেস্ট, ওটিপি প্রতারণা কিংবা ভুয়া কাস্টমার কেয়ারের নামে প্রতিদিন অসংখ্য মানুষ সাইবার অপরাধীদের ফাঁদে পড়ছেন। যেহেতু হোয়াটসঅ্যাপ বিশ্বের সবচেয়ে জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্মগুলোর একটি, তাই প্রতারকদেরও অন্যতম লক্ষ্য এটি।

ব্যবহারকারীদের নিরাপদ রাখতে হোয়াটসঅ্যাপ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নিরাপত্তা ফিচার যুক্ত করেছে। এগুলো চালু রাখলে প্রতারণার ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব।

১. সাইলেন্স আননোন কলারস চালু রাখুন

অচেনা নম্বর থেকে বারবার কল এলে এই ফিচারটি বেশ কার্যকর। এটি চালু থাকলে অপরিচিত নম্বরের কল আপনার ফোনে রিং করবে না। তবে কলটি কল হিস্ট্রি ও নোটিফিকেশনে দেখা যাবে। চালু করবেন যেভাবে- সেটিংস → প্রাইভেসি → কলস → সাইলেন্স আননোন কলারস

আরও পড়ুন

হোয়াটসঅ্যাপের ৬ গোপন ফিচার, অনেকেই জানেন না

২. কন্টেক্সট কার্ডস দেখে অচেনা নম্বর যাচাই করুন

অপরিচিত নম্বর থেকে বার্তা এলে হোয়াটসঅ্যাপ এখন কিছু অতিরিক্ত তথ্য দেখাতে পারে। যেমন-

  • নম্বরটি আপনার কনট্যাক্টে আছে কি না
  • ওই ব্যক্তির সঙ্গে কোনো কমন গ্রুপ রয়েছে কি না
  • নতুন নম্বর নাকি আগে থেকেই যোগাযোগ ছিল

এসব তথ্য দেখে সহজেই বুঝতে পারবেন নম্বরটি কতটা বিশ্বাসযোগ্য।

৩. স্ক্রিন শেয়ার করার আগে সতর্কবার্তা দেখুন

ভিডিও কলে স্ক্রিন শেয়ার করার সুবিধা অনেক কাজে লাগে। তবে সাইবার প্রতারকেরা এই সুযোগ ব্যবহার করে ব্যাংকিং তথ্য, ওটিপি বা ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেওয়ার চেষ্টা করতে পারে। এ কারণে হোয়াটসঅ্যাপ এখন অচেনা ব্যক্তির সঙ্গে স্ক্রিন শেয়ার করার সময় সম্ভাব্য ঝুঁকি সম্পর্কে সতর্কবার্তা দেখায়। অপরিচিত কারও অনুরোধে কখনোই স্ক্রিন শেয়ার করবেন না।

৪. ডিভাইস লিঙ্কিং অ্যালার্ট উপেক্ষা করবেন না

অনেক প্রতারণার ঘটনায় দেখা যায়, ব্যবহারকারীদের অজান্তেই তাদের হোয়াটসঅ্যাপ অন্য একটি ডিভাইসের সঙ্গে লিঙ্ক করে নেওয়া হয়। এখন কোনো নতুন ডিভাইস আপনার অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা করলে হোয়াটসঅ্যাপ সতর্কবার্তা পাঠায়। এমন কোনো অনুরোধ এলে নিজে না করলে সঙ্গে সঙ্গে তা বাতিল করুন।

৫. টু-স্টেপ ভেরিফিকেশন চালু করুন

এটি হোয়াটসঅ্যাপের অন্যতম গুরুত্বপূর্ণ নিরাপত্তা ব্যবস্থা। এই ফিচার চালু থাকলে শুধু ওটিপি নয়, অতিরিক্ত একটি ৬ সংখ্যার পিন দিয়েও পরিচয় নিশ্চিত করতে হয়। ফলে কেউ আপনার সিম কার্ড বা ওটিপি পেলেও সহজে অ্যাকাউন্ট দখল করতে পারবে না। চালু করবেন যেভাবে- সেটিংস → অ্যাকাউন্ট → টু-স্টেপ ভেরিফিকেশন → টার্ন অন।

আরও পড়ুন

ফোন নম্বর লুকিয়েই হোয়াটসঅ্যাপে চ্যাট করতে পারবেন

নিরাপদ থাকতে আরও যা করবেন

  • কখনো ওটিপি বা ভেরিফিকেশন কোড কারো সঙ্গে শেয়ার করবেন না।
  • অপরিচিত নম্বর থেকে আসা সন্দেহজনক লিংকে ক্লিক করবেন না।
  • ব্যাংক বা সরকারি সংস্থার পরিচয়ে ভিডিও কল বা স্ক্রিন শেয়ার করতে বললে সতর্ক থাকুন।
  • নিয়মিত হোয়াটসঅ্যাপ অ্যাপ আপডেট করুন, যাতে সর্বশেষ নিরাপত্তা ফিচারগুলো ব্যবহার করতে পারেন।

হোয়াটসঅ্যাপের এসব নিরাপত্তা ফিচার চালু রাখতে মাত্র কয়েক মিনিট সময় লাগে। কিন্তু এই সামান্য সতর্কতাই আপনার ব্যক্তিগত তথ্য, ব্যাংক অ্যাকাউন্ট এবং হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টকে সাইবার প্রতারকদের হাত থেকে অনেকটাই সুরক্ষিত রাখতে পারে।

কেএসকে