নাটোরে জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে লক্ষ্য করে গুলি করার চেষ্টার অভিযোগে এক যুবককে পুলিশ আটক করেছে বলে জানিয়েছেন সদর থানার ওসি মনছুর রহমান।
তিনি বলেছেন, “নাটোর উত্তরা গণভবনের পাশে এক পথসভার আয়োজন করা হয়। সেখানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হুইপ রুহুল কুদ্দুস তালুকদার। পথসভা শেষে মঞ্চ থেকে নামার সময় এক যুবক তাকে লক্ষ্য করে দুইবার গুলি করার চেষ্টা করেন। ঘটনাস্থলেই তাকে আটক করা হয়েছে। ঘটনার পর পুরো এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।”
তবে, তাৎক্ষণিক আটক যুবকের নাম-পরিচয় জানায়নি পুলিশ। তাকে গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে পুলিশের একাধিক সূত্র নিশ্চিত করেছে।
জানা যায়, শুক্রবার (৭ আগস্ট) বিকেলে নাটোর উত্তরা গণভবনের পাশে স্থানীয় দিঘাপতিয়া ইউনিয়ন বিএনপি এক পথসভার আয়োজন করে। ওই পথসভায় প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা। সভায় বিশেষ অতিথি ছিলেন হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু। পথসভা শেষে মঞ্চ থেকে নামার সময় এই ঘটনা ঘটে।







