বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার নতুন আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। এতে উচ্ছ্বাস প্রকাশ করে বিশাল বহর নিয়ে ক্যাম্পাসে শুভেচ্ছা মিছিল করেছে ছাত্রদলের নেতাকর্মীরা।
শনিবার (১১ জুলাই) দুপুর ১ টায় অনুষদ ভবন থেকে মিছিল শুরু করে তারা। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভিত্তিপ্রস্তর ও বিশ্ববিদ্যালয়ের স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারা। শ্রদ্ধা নিবেদন শেষে তারা প্রশাসন ভবনের সামনে সমাবেশে মিলিত হয়।
মিছিলে নেতাকর্মীদের ‘মিথুন-রাফিজ পরিষদ, সবার সেরা পরিষদ’, ‘রাজপথের সেরা দল, জাতয়তাবাদী ছাত্রদল’, ‘অরুণ পথের তরুণ দল, জাতীয়তাবাদী ছাত্রদল’, ‘তারেক জিয়ার বাহুবল, জাতীয়তাবাদী ছত্রদল’সহ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।
নতুন কমিটিকে শুভেচ্ছা জানিয়ে শাখা ছাত্রদলের সাবেক আহ্বায়ক সাহেদ আহম্মেদ বলেন, “বিগত ফ্যাসিবাদী আমলে বিএনপি, ছাত্রদল ও ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা গুম খুনের শিকার হয়েছে, তাদের আত্মার মাগফেরাত কামনা করি।”
পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা প্রসঙ্গে তিনি বলেন, “এই আওয়ামীলীগ কোনোদিন দেশে ফিরবে না, শেখ হাসিনাসহ শেখ পরিবারের কারো দাফন বাংলার মাটিতে হবে না।”
আহ্বায়ক মাসুদ রুমি মিথুন নেতা-কর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, “এই কমিটিতে সকলে পদপ্রত্যাশী ছিল, সকলে এখনও পদ-পদবি পায় নাই। আমি তাদেরকে কথা দিচ্ছি, এক মাসের মধ্যে আপনারা মিথুন- রাফিজ-পারভেজের নেতৃত্বে সবাই আমাদের কমিটিতে জায়গা পাবেন এবং খুব দ্রুতই আমরা হল কমিটি, ফ্যাকাল্টি কমিটি করব।”
তিনি আরো বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের একটাই উদ্দেশ্য, নিরাপদ ক্যাম্পাস। নিরাপদ ক্যাম্পাস গঠনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সারা বাংলাদেশের ছাত্র সমাজের সাথে ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্র সমাজ একাত্ম হয়ে কাজ করে যাবে।”
এ সময় শাখা ছাত্রদলের আহ্বায়ক মাসুদ রুমি মিথুন, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আনোয়ার পারভেজ ও সদস্য সচিব রাফিজ আহমেদের নেতৃত্বে উপস্থিত ছিলেন সাবেক সভাপতি ওমর ফারুক, সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রাশেদ, সাবেক আহ্বায়ক সাহেদ আহম্মেদ, যুগ্ম আহ্বায়ক নুর উদ্দিন, আব্দুল্লহা আল মামুন, সাব্বির হোসেন।এসময় সংগঠনের অন্য যুগ্ম-আহ্বায়ক, সদস্য ও বিভিন্ন পর্যায়ের সাবেক নেতাকর্মী উপস্থিত ছিলেন।








