কোয়ার্টার ফাইনালে মরক্কোকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে ফ্রান্স। দলের জয়ে আবারও নায়ক কিলিয়ান এমবাপে। টুর্নামেন্টে নিজের অষ্টম গোল করে ফ্রান্সকে শেষ চারে তুলেছেন রিয়াল মাদ্রিদের এই তারকা।

ম্যাচ শেষে সাংবাদিকদের প্রশ্ন ছিল, বিশ্বকাপে দারুণ পারফরম্যান্সের পর এখন কি কিছুটা স্বস্তিতে থাকতে পারবে ফ্রান্স? উত্তরে এমবাপ্পে স্পষ্ট জানিয়ে দেন, ‘আমরা জানি, স্বস্তি পাওয়ার একটাই উপায় — জয়। আমরা এখন সেমিফাইনালে, কিন্তু এখনও অনেক পথ বাকি।’

সেমিফাইনালে ফ্রান্সের প্রতিপক্ষ হবে স্পেন ও বেলজিয়ামের মধ্যকার ম্যাচের বিজয়ী। তবে প্রতিপক্ষ যেই হোক, তাদের জন্য প্রস্তুত বলে জানিয়েছেন এমবাপে, ‘আমরা জানি সামনে আরও কঠিন পরীক্ষা অপেক্ষা করছে। আমরা বিশ্রাম নেবো, রিকভার করবো এবং দেখবো সেমিফাইনালে কার মুখোমুখি হতে হবে। আমাদের লক্ষ্য একটাই — জয় এবং বিশ্বকাপে আমাদের যাত্রা চালিয়ে যাওয়া।’

মরক্কোর বিপক্ষে ম্যাচে গোল করার আগে অবশ্য একটি পেনাল্টি মিস করেন এমবাপে। প্রথমার্ধে নেওয়া তার দুর্বল শট সহজেই ঠেকিয়ে দেন মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বুনু। এটি ছিল বিশ্বকাপে নিয়মিত সময়ে এমবাপের ক্যারিয়ারের প্রথম পেনাল্টি মিস। এর আগে ২০১৮ বিশ্বকাপে একটি এবং ২০২২ বিশ্বকাপ ফাইনালে দুটি পেনাল্টি সফলভাবে করেছিলেন তিনি।

ম্যাচের শেষদিকে ডান পায়ের শিনে আঘাত পেয়ে কিছুটা অস্বস্তিতে মাঠ ছাড়েন এমবাপ্পে। বেঞ্চে বসে বরফও ব্যবহার করতে দেখা যায় তাকে। তবে ইনজুরি নিয়ে কোনো শঙ্কা নেই বলে নিজেই আশ্বস্ত করেছেন এই ২৭ বছর বয়সী ফরোয়ার্ড।, ‘সব ঠিক আছে। শিনে একটি আঘাত পেয়েছিলাম, তবে গুরুতর কিছু নয়। আমার বদলি হিসেবে মাতেতা প্রস্তুত ছিল এবং সে ভালোই খেলেছে।’

বিশ্বকাপে এখন পর্যন্ত আট গোল করে গোল্ডেন বুটের দৌড়েও এগিয়ে রয়েছেন এমবাপ্পে। একই সঙ্গে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জয়ের স্বপ্নও বাঁচিয়ে রেখেছেন ফরাসি সুপারস্টার।

আরআর/আইএন