ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের জন্য এসেছে এমন একটি আপডেট, যার অপেক্ষায় ছিলেন অনেকেই। এতদিন ক্যারাউজেল পোস্ট প্রকাশ হওয়ার পর ছবির বা ভিডিওর ক্রমে ভুল থাকলে সেটি ঠিক করার জন্য পুরো পোস্ট মুছে আবার আপলোড করতে হতো। এতে আগের লাইক, মন্তব্য ও রিচ হারানোর ঝুঁকিও থাকত। নতুন আপডেটের মাধ্যমে সেই সমস্যার সমাধান করেছে ইনস্টাগ্রাম।
নতুন ফিচারের ফলে এখন থেকে একটি ক্যারাউজেল পোস্ট প্রকাশ হওয়ার পরও এর ভেতরে থাকা ছবি বা ভিডিওর অবস্থান পরিবর্তন করা যাবে। অর্থাৎ, কোনো স্লাইড ভুল জায়গায় থাকলে আর নতুন করে পোস্ট করার প্রয়োজন হবে না। কয়েকটি সহজ ধাপ অনুসরণ করেই কনটেন্ট নতুনভাবে সাজিয়ে নেওয়া সম্ভব।
কীভাবে ক্যারাউজেলের ক্রম বদলাবেন?
এই সুবিধা ব্যবহার করতে প্রথমে ইনস্টাগ্রাম অ্যাপে গিয়ে নিজের সংশ্লিষ্ট ক্যারাউজেল পোস্টটি খুলুন। এরপর উপরের ডান পাশে থাকা তিন ডট (⋮) মেনুতে ট্যাপ করে এডিট অপশন নির্বাচন করুন। তারপর যে ছবি বা ভিডিওটি অন্য জায়গায় নিতে চান, সেটিতে কিছুক্ষণ চাপ দিয়ে ধরে (লং প্রেস) পছন্দের স্থানে টেনে (ড্রাগ) নিয়ে যান। পরিবর্তন সংরক্ষণ করলেই নতুন ক্রম অনুযায়ী পোস্টটি দেখা যাবে।
আরও পড়ুন
বারবার স্ক্রল নয়, ইনস্টাগ্রাম রিলস চলবে নিজে নিজেই
রিলসেও এসেছে নতুন সুবিধা
শুধু ক্যারাউজেল নয়, রিলস দেখার অভিজ্ঞতাতেও পরিবর্তন এনেছে ইনস্টাগ্রাম। আগে কোনো রিলস থামাতে হলে স্ক্রিনে আঙুল চেপে ধরে রাখতে হতো। এখন থেকে মাত্র একবার ট্যাপ করলেই রিল পাউস করা যাবে। ফলে টিউটোরিয়াল, তথ্যভিত্তিক ভিডিও বা পর্দায় থাকা লেখা পড়তে ব্যবহারকারীদের আর অতিরিক্ত ঝামেলায় পড়তে হবে না।
কনটেন্ট ক্রিয়েটরদের জন্য কেন গুরুত্বপূর্ণ?
যারা নিয়মিত ইনস্টাগ্রামে ছবি বা ভিডিও প্রকাশ করেন, বিশেষ করে কনটেন্ট ক্রিয়েটর ও ব্যবসায়িক অ্যাকাউন্ট পরিচালনাকারীরা, তাদের জন্য এই আপডেট বেশ কার্যকর। অনেক সময় গল্প বলার ধারাবাহিকতা বজায় রাখতে বা কোনো পণ্য উপস্থাপনের ক্ষেত্রে ছবির সঠিক ক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন ফিচারের কারণে ভুল হলে তা সহজেই সংশোধন করা যাবে, ফলে আগের এনগেজমেন্টও নষ্ট হবে না।
প্রযুক্তি বিশ্লেষকদের মতে, এই পরিবর্তন ইনস্টাগ্রাম ব্যবহারকে আরও নমনীয় ও ব্যবহারবান্ধব করে তুলবে। যদিও অনেক ব্যবহারকারীর দাবি, এমন সুবিধা আরও আগে আসা উচিত ছিল। তবুও নতুন আপডেটটি কনটেন্ট প্রকাশ ও সম্পাদনার ক্ষেত্রে ব্যবহারকারীদের অভিজ্ঞতা আরও উন্নত করবে বলে আশা করা হচ্ছে।
সূত্র: ইনস্টাগ্রাম আপডেট
ইনস্টাগ্রামে রিচ কম, পোস্টের সময় এই ভুল করছেন না তো
কেএসকে






