চাকরির নিরাপত্তাসহ যৌক্তিক পারিশ্রমিকের দাবিতে ময়মনসিংহ, নোয়াখালী ও ফরিদপুরে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন বাংলাদেশ প্রাণিসম্পদ এআই (কৃত্রিম প্রজনন) টেকনিশিয়ানরা। বুধবার সকাল থেকে এ কর্মবিরতিতে যান প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানরা। যুগান্তর ব্যুরো ও প্রতিনিধিদের পাঠানো খবর : ময়মনসিংহ অঞ্চলের প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ান কল্যাণ সমিতির সদস্যরা নগরীর ঢোলাদিয়া কৃত্তিম প্রজনন কেন্দ্রের সামনে অবস্থান নিয়ে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করেন। আন্দোলনরত এআই টেকনিশিয়ানরা জানান, দেশের প্রাণিসম্পদ খাতের উন্নয়নে দীর্ঘদিন ধরে মাঠপর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন তারা। কিন্তু তারা ন্যায্য বেতন-ভাতা, চাকরির স্থায়ীকরণ এবং অন্যান্য সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। এ বিষয়ে বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেও কোনো কার্যকর সাড়া পাওয়া যায়নি। উপযুক্ত বেতন-ভাতা নির্ধারণ, চাকরি নিয়মিতকরণ, সরকারি সুযোগ-সুবিধা নিশ্চিত করা, অভিজ্ঞতার মূল্যায়ন এবং দীর্ঘদিন ধরে কর্মরত টেকনিশিয়ানদের স্থায়ীভাবে অন্তর্ভুক্তির দাবি জানান আন্দোলনকারীরা। দ্রুত তাদের ন্যায্য দাবি বাস্তবায়ন না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। নোয়াখালীর মাইজদী প্রাণিসম্পদ কৃত্রিম প্রজনন কেন্দ্রের মূল ফটকে এ কর্মসূচি পালন করেন ৮৪ জন টেকনিশিয়ান। পরে একই স্থানে বিক্ষোভ সভা করেন তারা। এ সময় বক্তব্য দেন-সংগঠনের নোয়াখালী সভাপতি মনির আহমদ, লক্ষ্মীপুর শাখার সভাপতি শ্যাম সুন্দর মজুমদার শ্যামল, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম। আন্দোলনকারীরা জানান, ২০২৫ সালের ১০ ফেব্রুয়ারি থেকে তারা সাত দফা দাবিতে কর্মবিরতি পালন করেন। পরবর্তী প্রতিটি উপজেলা পর্যায়ে একজন করে টেকনিশিয়ানকে আউটসোর্সিংয়ে নিয়োগের উদ্যোগ নেওয়া হয়। কিন্তু এখনো পর্যন্ত তা বাস্তবায়ন করা হয়নি। চাকরির শুরু থেকে প্রথমে ৫শ টাকা মজুরি ও পরে দুই হাজার টাকা করে ভাতা পেতেন তারা। কিন্তু ২০২৪ সাল থেকে প্রকল্পটি বন্ধ হয়ে যাওয়ার পর থেকে আর কোনো ভাতা পাচ্ছেন না তারা। ফরিদপুর শহরের পুরাতন বাসস্ট্যান্ডসংলগ্ন উপ-পরিচালকের কার্যালয়সংলগ্ন কৃত্রিম প্রজনন কেন্দ্রের সামনে এআই টেকনিশিয়ানরা কর্মবিরতি পালন করেন। বৃহত্তর ফরিদপুর এআই টেকনিশিয়ান কল্যাণ সমিতির উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি আখতার হোসেন। এ সময় উপস্থিত ছিলেন সমিতির সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম, রাজবাড়ি জেলা এআই টেকনিশিয়ানদের সভাপতি দীপঙ্কর চক্রবর্তীসহ বৃহত্তর ফরিদপুরের বিভিন্ন জেলার টেকনিশিয়ানরা।







