কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করছেন না এমন মানুষ কমই আছেন। এখন সব কাজেই এআই ব্যবহার হচ্ছে। এজন্য প্রযুক্তির দ্রুত বিকাশের সঙ্গে পাল্লা দিয়ে নতুন নতুন টুল আনছে বিশ্বের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো।

সেই ধারাবাহিকতায় মেটা সম্প্রতি তাদের নতুন প্রজন্মের এআই ইমেজ মডেল উন্মুক্ত করেছে। ব্যবহারকারীদের বর্ণনা বা প্রম্পট অনুযায়ী মুহূর্তেই বাস্তবসম্মত ছবি তৈরি করতে সক্ষম এই প্রযুক্তি এরই মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। তবে জনপ্রিয়তার পাশাপাশি এটি ঘিরে শুরু হয়েছে গোপনীয়তা নিয়ে নতুন বিতর্কও।

মেটার নতুন এআই মডেলের অন্যতম বৈশিষ্ট্য হলো, ব্যবহারকারীর দেওয়া নির্দেশনা অনুযায়ী বিভিন্ন ধরনের আর্ট স্টাইল ও ভিজ্যুয়াল ডিজাইনে ছবি তৈরি করা। ফলে সৃজনশীল কাজ, ডিজাইন কিংবা কনটেন্ট তৈরিতে এটি অনেকের কাছে আকর্ষণীয় হয়ে উঠেছে।

আরও পড়ুন

প্রশ্নের উত্তর ছাড়াও চ্যাটজিপিটি দিয়ে করা যায় দারুণ সব কাজ

তবে প্রযুক্তিবিষয়ক বিভিন্ন মহলে উদ্বেগ তৈরি হয়েছে এই অভিযোগকে ঘিরে যে, এআই মডেলটি প্রশিক্ষণের জন্য ফেসবুক ও ইনস্টাগ্রামে প্রকাশ্যে শেয়ার করা কিছু ছবি ব্যবহার করা হয়েছে। সমালোচকদের দাবি, এর ফলে অনেক ব্যবহারকারীর ছবি বা চেহারার বৈশিষ্ট্য এআই-নির্ভর কনটেন্টে প্রতিফলিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

মেটার নীতিমালায় উল্লেখ রয়েছে, ব্যবহারকারীরা এআই-সহায়ক বিভিন্ন ফিচার ব্যবহার করে কনটেন্ট তৈরি করতে পারবেন। তবে অনেক ব্যবহারকারীর অভিযোগ, তাদের প্রকাশ্য তথ্য কীভাবে এআই প্রশিক্ষণে ব্যবহৃত হচ্ছে, সে বিষয়ে পর্যাপ্ত স্বচ্ছতা নেই। এ কারণেই নতুন করে ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।

যেভাবে নিজের ছবি ও তথ্য সুরক্ষিত রাখবেন

আপনি যদি ইনস্টাগ্রামে নিজের ছবি বা কনটেন্ট এআই-সম্পর্কিত ফিচারে ব্যবহৃত হোক না চান, তাহলে কয়েকটি পদক্ষেপ নিতে পারেন-

  • ইনস্টাগ্রাম অ্যাপে প্রোফাইলে যান।
  • সেটিংস অ্যান্ড প্রাইভেসি অপশনে প্রবেশ করুন।
  • এআই বা এআই রিমিক্স সংক্রান্ত অপশন থাকলে সেটি বন্ধ করুন।
  • প্রয়োজন হলে অ্যাকাউন্ট পাবলিক থেকে প্রাইভেট করে দিন, যাতে আপনার পোস্ট সবার জন্য উন্মুক্ত না থাকে।
  • ব্যক্তিগত ছবি বা সংবেদনশীল তথ্য প্রকাশ্যে শেয়ার করার আগে সতর্ক থাকুন।

বিশেষজ্ঞদের মতে, এআই প্রযুক্তি যেমন নতুন সম্ভাবনার দ্বার খুলছে, তেমনি ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা নিয়েও সচেতন থাকা জরুরি। তাই নতুন কোনো এআই ফিচার ব্যবহারের আগে তার গোপনীয়তা নীতিমালা ভালোভাবে পড়ে নেওয়াই সবচেয়ে নিরাপদ সিদ্ধান্ত হতে পারে।

সূত্র: বিবিসি

আরও পড়ুন

একদিনে ৪৮০০ কর্মী ছাঁটাই করলো মাইক্রোসফট


কেএসকে