নিজেদের নীতিমালা (কমিউনিটি গাইডলাইন) লঙ্ঘন করায় চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি থেকে মার্চ) বাংলাদেশ থেকে প্রকাশ করা (আপলোড) ১ কোটি ৩২ লাখ ১৮ হাজার ৪টি ভিডিও মুছে ফেলেছে টিকটক। নীতিমালা লঙ্ঘন করা ভিডিওগুলোর মধ্যে ৯৪ দশমিক ৪ শতাংশই প্রকাশের ২৪ ঘণ্টার মধ্যে স্বয়ংক্রিয়ভাবে মুছে ফেলা হয়েছে। গতকাল বুধবার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে চীনের ভিডিও-নির্ভর সামাজিক যোগাযোগমাধ্যম টিকটক।

টিকটকের প্রকাশিত সর্বশেষ ‘কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট’ প্রতিবেদনে বলা হয়েছে, বছরের প্রথম প্রান্তিকে নীতিমালা লঙ্ঘনের অভিযোগে বিশ্বজুড়ে ১৮ কোটি ৪০ লাখ ১২ হাজার ৫৭৬টি ভিডিও মুছে ফেলা হয়েছে, যা প্ল্যাটফর্মটিতে আপলোড করা মোট ভিডিওর প্রায় শূন্য দশমিক ৫ শতাংশ। মুছে ফেলা ভিডিওগুলোর মধ্যে ১৭ কোটি ৮০ লাখ ১৪ হাজার ১৫৪টি স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত করা হয়েছে। তবে যাচাইয়ের পর ৮৮ লাখ ৩৮ হাজার ৭১০টি ভিডিও পুনরায় টিকটকে ফিরিয়ে আনা হয়েছে।

কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট প্রতিবেদনের তথ্যমতে, প্লাটফর্মের নিরাপত্তা ও বিশ্বাসযোগ্যতা বজায় রাখতে বছরের প্রথম প্রান্তিকে টিকটকের বিভিন্ন ভিডিওতে থাকা ২৩ কোটি ৭৫ লাখ ১৭ হাজার ১২৮টি মতামত মুছে ফেলা হয়েছে। পাশাপাশি ৮ কোটি ৬২ লাখ ৮৮ হাজার ৭০৫টি ভুয়া অ্যাকাউন্ট ও ১৩ বছরের কম বয়সীদের ২ কোটি ৫৭ লাখ ৬৪ হাজার ৩৭২টি অ্যাকাউন্টও মুছে ফেলা হয়েছে।

টিকটকের তথ্যমতে, মুছে ফেলা ১৮ দশমিক ৬ শতাংশ ভিডিওতে সংবেদনশীল বিষয়বস্তু ছিল, যা টিকটকের আধেয় বা কনটেন্ট নীতিমালার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এ ছাড়া ১২ দশমিক ৬ শতাংশ ভিডিও নিরাপত্তা ও সামাজিক আচরণবিষয়ক নীতিমালা লঙ্ঘন করেছে।