অ্যাশেজের এক বছরেরও কম সময় আগে ইংল্যান্ড টেস্ট দলের প্রধান কোচের দায়িত্ব থেকে ব্রেন্ডন ম্যাককালামকে সরিয়ে দিয়েছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। তবে সাদা বলের ক্রিকেটে ইংল্যান্ডের কোচ হিসেবে দায়িত্ব পালন চালিয়ে যাবেন নিউজিল্যান্ডের সাবেক এই অধিনায়ক।

ফলে তিন মাসের ব্যবধানে নাটকীয়ভাবে বদলে গেল ইসিবির অবস্থান। মার্চে যেখানে প্রধান নির্বাহী রিচার্ড গুল্ড প্রকাশ্যে ম্যাককালামের পাশে দাঁড়িয়েছিলেন, সেখানে নিউজিল্যান্ডের কাছে ২-১ ব্যবধানে ঘরের মাঠে টেস্ট সিরিজ হারার পরই তাঁকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হলো।

ম্যাককালাম এক বিবৃতিতে বলেন, ‘অবশ্যই আমি ভীষণ কষ্ট পেয়েছি যে আর দায়িত্বে থাকছি না, তবে আমি এই সিদ্ধান্তকে সম্মান করি। এখন আমার পুরো মনোযোগ থাকবে সাদা বলের দলগুলোকে নিয়ে এবং ইংল্যান্ডকে এগিয়ে নিতে সর্বোচ্চটা দেওয়ার দিকে। টেস্ট দলের জন্য আমার শুভকামনা রইল।’

ইসিবির প্রধান নির্বাহী রিচার্ড গুল্ড বলেন, ‘ব্রেন্ডন ইংল্যান্ড পুরুষ টেস্ট দলে নতুন প্রাণ ফিরিয়ে এনেছিলেন। তার সময়ে আমরা অনেক স্মরণীয় জয় পেয়েছি এবং এই দায়িত্বে তার অবদানের জন্য আমরা কৃতজ্ঞ। তবে আগামী গ্রীষ্মের অ্যাশেজকে সামনে রেখে এখন পরিবর্তনের সময় এসেছে বলে আমরা মনে করি।’

২০২২ সালে টেস্ট দলের দায়িত্ব নেওয়ার পর অধিনায়ক বেন স্টোকসকে নিয়ে আক্রমণাত্মক ক্রিকেটের নতুন দর্শন উপহার দেন ম্যাককালাম। তার অধীনে প্রথম ১১ টেস্টে ইংল্যান্ড জেতে ১০টি ম্যাচ। তবে সময়ের সঙ্গে সেই সাফল্যের ধার কমে যায়। শেষ পর্যন্ত টেস্ট কোচ হিসেবে তার রেকর্ড দাঁড়িয়েছে ৪৯ ম্যাচে ২৭ জয়, ২ ড্র ও ২০ হার। শেষ ৯ টেস্টের মধ্যে ৭টিতেই হেরেছে ইংল্যান্ড। অস্ট্রেলিয়া কিংবা ভারতের বিপক্ষে কোনো টেস্ট সিরিজ জিততে পারেননি তিনি।

ম্যাককালামের টেস্ট কোচিং অধ্যায়ের শুরু হয়েছিল নিজের দেশ নিউজিল্যান্ডের বিপক্ষে ২০২২ সালে ৩-০ ব্যবধানে সিরিজ জয়ে। আর শেষও হলো নিউজিল্যান্ডের কাছেই ঘরের মাঠে সিরিজ হেরে। সেই সিরিজের পরই হঠাৎ অবসর নেন অধিনায়ক বেন স্টোকস। ফলে বর্তমানে ইংল্যান্ডের টেস্ট দল কোচ ও অধিনায়ক- দুই গুরুত্বপূর্ণ পদেই শূন্যতা তৈরি হয়েছে।

তবে সাদা বলের ক্রিকেটে দায়িত্বে থাকছেন ম্যাককালাম। ২০২৭ সালের শেষ পর্যন্ত চুক্তি থাকলেও অন্তত আগামী বছরের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত তিনি ইংল্যান্ডের সীমিত ওভারের দলগুলোর দায়িত্ব পালন করবেন।

ইসিবি জানিয়েছে, নতুন টেস্ট কোচ খোঁজার প্রক্রিয়া ইতোমধ্যেই শুরু হয়েছে। সম্ভাব্য প্রার্থীদের তালিকায় আছেন অ্যান্ড্রু ফ্লিনটফ, রিচার্ড ডসন, রায়ান ক্যাম্পবেল, জাস্টিন ল্যাঙ্গার এবং সাবেক সফল ইংল্যান্ড কোচ অ্যান্ডি ফ্লাওয়ার।

ম্যাককালাম বলেন, ‘টেস্ট দলকে কোচিং করাটা আমি সত্যিই ভীষণ উপভোগ করেছি এবং আমরা একসঙ্গে যা অর্জন করেছি, তা নিয়ে আমি গর্বিত। অসাধারণ কিছু মুহূর্ত ছিল, কঠিন সময়ও এসেছে, কিন্তু এমন চ্যালেঞ্জের অংশ সেটাই। খেলোয়াড়, কোচিং স্টাফ ও সমর্থকদের প্রতি আমি কৃতজ্ঞ। এই ড্রেসিংরুমে অসাধারণ প্রতিভা আছে। আমি সবসময় তাদের সমর্থন করব এবং আশা করি তারা একই সাহসী ক্রিকেট খেলেই মানুষকে গর্বিত করবে।’

এসকেডি/আইএইচএস/