২০২৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ২-১ গোলে হারের ম্যাচে জুড বেলিংহ্যামের প্রথম গোলকে ঘিরে বিতর্কের সৃষ্টি হয়েছে।

নরওয়ের দাবি, গোলের আগে গোলরক্ষক অরইয়ান নিল্যান্ডের নেওয়া গোল কিক থেকে উড়ে যাওয়া বলটি স্টেডিয়ামের ওপরে ঝুলন্ত স্পাইডার ক্যামেরার স্টিলের তারে লেগে দিক পরিবর্তন করে, আর সেখান থেকেই ইংল্যান্ডের আক্রমণের সূচনা হয়।

গোল হওয়ার পর টেলিভিশন সম্প্রচারে দেখা যায়, নরওয়ের গোলরক্ষক অরইয়ান নিল্যান্ড, অধিনায়ক আরলিং হালান্ড এবং কোচিং স্টাফের সদস্যরা ফরাসি রেফারি ক্লেমেন তারপিনের কাছে তীব্র প্রতিবাদ জানাচ্ছেন।

তবে অতিরিক্ত সময়ের শেষ দিকে ফিফা সামাজিক যোগাযোগমাধ্যমে এক আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে জানায়, বলটি ক্যামেরার তারে লেগেছিল; এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি।

ফিফার বিবৃতিতে বলা হয়, ইংল্যান্ডের প্রথম গোলের আগে বাতাসে থাকা অবস্থায় সেন্সরযুক্ত ম্যাচ বলের তথ্যে কোনো স্পাইক রেকর্ড হয়নি। তাই বলটি ঝুলন্ত ক্যামেরার তারে লেগে গতিপথ পরিবর্তন করেছে-এমন কোনো প্রমাণ আমাদের কাছে নেই।

আরআর/এমএমআর