২০২৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের কাছে ২-১ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে নরওয়ে। ম্যাচ শেষে রেফারিং নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন দলের তারকা স্ট্রাইকার আরলিং হালান্ডের বাবা ও সাবেক ফুটবলার আলফ-ইঙ্গে হালান্ড।

সামাজিক যোগাযোগমাধ্যমে এক সাংবাদিকের পোস্টের জবাবে ব্যঙ্গাত্মক মন্তব্য করেন তিনি। ইংল্যান্ডের জয়ের কৃতিত্ব রেফারিকেও দিয়ে আলফ-ইঙ্গে লিখেছেন, ‘বেলিংহ্যাম এবং রেফারিকে অভিনন্দন।’

ম্যাচজুড়ে কয়েকটি বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে নরওয়ে শিবির অসন্তোষ প্রকাশ করে। বিশেষ করে জুড বেলিংহ্যামের প্রথম গোলের আগে বল স্পাইডার ক্যামেরার তারে লেগেছিল কি না, তা নিয়ে নরওয়ের খেলোয়াড় ও কোচিং স্টাফ রেফারির কাছে প্রতিবাদ জানান।

তবে ম্যাচ চলাকালীনই ফিফা জানায়, সেন্সরযুক্ত ম্যাচ বলের তথ্য বিশ্লেষণে বলটি ক্যামেরার তারে লেগেছিল-এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি। এরপরও রেফারিং নিয়ে বিতর্ক থামেনি, আর সেই বিতর্কেই সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অসন্তোষ প্রকাশ করেন হালান্ডের বাবা।

আরআর/এমএমআর