প্রায় ৫ মাসের বিরতির পর ইরান ও কাতারের মধ্যে সমুদ্রপথে আবার বাণিজ্য শুরু হয়েছে। দুদেশের কর্মকর্তারা তথ্যটি নিশ্চিত করেছেন। এর মধ্যে কাতারের পরিবহণ মন্ত্রণালয় সামাজিক মাধ্যমে এক বিবৃতিতে জানায়, নতুন সিদ্ধান্ত অনুযায়ী, দুদেশের সব ধরনের জলযান ও জাহাজ সমুদ্রে চলাচল করতে পারবে। এক্ষেত্রে প্রয়োজনীয় নিরাপত্তা ও সুরক্ষা সরঞ্জাম নিশ্চিত করা হবে বলে জানানো হয়েছে।

রোববার বিবিসি জানায়, দোহায় নিযুক্ত ইরানের বাণিজ্যিক উপদেষ্টা আব্বাস আবদুলখানিও খবরটি নিশ্চিত করেছেন। তিনি জানান, দোহায় অবস্থিত ইসলামি প্রজাতন্ত্রের দূতাবাসের নিরন্তর তত্ত্বাবধান এবং কাতার সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দেইয়ার এবং আল রুওয়াইস বন্দরের মধ্যে সমুদ্রপথে পণ্য পরিবহণ পুনরায় শুরু হয়েছে।

ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে ইরান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে কাতারের সঙ্গে সমুদ্রপথে বাণিজ্য বন্ধ হয়ে পড়ে। এখন এমন এক সময় দুদেশের মধ্যে পুনরায় বাণিজ্য শুরু হওয়ার কথা জানা যাচ্ছে, যখন ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে শান্তি আলোচনায় মধ্যস্থতা করছে কাতার ও পাকিস্তান।