ইসলামী আন্দোলনের ক্রমবর্ধমান জনপ্রিয়তা ও গণসম্পৃক্ততা রুখতে দেশি-বিদেশি বিভিন্ন মহল বহুমুখী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তবে ষড়যন্ত্র, অপপ্রচার কিংবা দমন-পীড়নের মাধ্যমে আদর্শিক আন্দোলনকে থামানো সম্ভব নয়। এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও চট্টগ্রাম অঞ্চল পরিচালক মুহাম্মদ শাহজাহান।

শুক্রবার (২৪ জুলাই) নগরের চকবাজারের একটি মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর চকবাজার থানার উদ্যোগে আয়োজিত শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চকবাজার থানা আমির আহমদ খালেদুল আনোয়ারের সভাপতিত্বে এবং থানা সেক্রেটারি সাদুর রশিদ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য আলহাজ শাহজাহান চৌধুরী এমপি।

মুহাম্মদ শাহজাহান বলেন, একজন ইসলামী নেতার প্রধান বৈশিষ্ট্য হওয়া উচিত তাকওয়া, সততা, আমানতদারি ও আত্মত্যাগ। চরিত্রবান নেতৃত্ব সমাজে আস্থা সৃষ্টি করে। তাই সংগঠনের দায়িত্বশীলদের ব্যক্তিগত, পারিবারিক ও সাংগঠনিক জীবনে ইসলামি আদর্শ অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

প্রধান বক্তা আলহাজ শাহজাহান চৌধুরী এমপি বলেন, আদর্শ সমাজ গঠনে শুধু রাজনৈতিক কর্মকাণ্ড নয়, শিক্ষা, স্বাস্থ্য, মানবিক সহায়তা ও সামাজিক সচেতনতা বৃদ্ধিমূলক কার্যক্রমও সমান গুরুত্বপূর্ণ। জনকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে জনগণের আস্থা অর্জন সম্ভব বলেও তিনি মন্তব্য করেন।

বিশেষ অতিথির বক্তব্যে জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, একটি আদর্শিক সংগঠনের শক্তি শৃঙ্খলা, জবাবদিহি ও দায়িত্বশীল আনুগত্যের ওপর নির্ভরশীল। সাংগঠনিক সিদ্ধান্ত বাস্তবায়নে আন্তরিকতা, সময়ানুবর্তিতা ও পারস্পরিক সহযোগিতার মানসিকতা গড়ে তোলার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে দারসুল কোরআন পেশ করেন ইসলামি চিন্তাবিদ ড. অধ্যাপক মাওলানা নিজাম উদ্দিন। এছাড়া, চট্টগ্রাম অঞ্চল টিম সদস্য মুহাম্মদ জাফর সাদেক, চকবাজার থানা নায়েবে আমির মুহাম্মদ আবদুল হান্নান, থানা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ শহিদুল্লাহ, কর্মপরিষদ সদস্য জসিম উদ্দিন আল হাসান, জাহাঙ্গীর আলম, এরশাদুল ইসলাম, সাইফুদ্দিন খালেদ, মাওলানা খালেদ জামালসহ থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

শিক্ষা শিবিরে সংগঠনের আদর্শ, নেতৃত্বের গুণাবলি, সামাজিক দায়িত্ববোধ ও সাংগঠনিক শৃঙ্খলা বিষয়ে আলোচনা করা হয় বলে আয়োজকরা জানিয়েছেন।

এমআরএএইচ/এএমএ