সাতক্ষীরা সদর উপজেলার ৫ নম্বর শিবপুর ইউনিয়নের গোটাঘাটা মসজিদে এক গণসংবর্ধনা অনুষ্ঠানে জামায়াতের খুলনা অঞ্চলের পরিচালক ও সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক দাবি করেছেন, সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনের জামায়াত দলীয় সংসদ সদস্য গাজী নজরুলকে ঘিরে আলোচিত ঘটনার ওই তরুণী নিজেই আজীবন তাঁর সেবায় নিয়োজিত থাকার আবদার করেছিলেন।

গতকাল বৃহস্পতিবার রাতে প্রধান অতিথির বক্তব্যে মুহাদ্দিস আব্দুল খালেক বলেন, সেই তরুণী নিজেই বিয়ে না করে আজীবন এমপি গাজী নজরুলের সেবায় নিয়োজিত থাকার ‘চরম আবদার’ করেছিলেন।

বিতর্কিত বিয়ের বিষয়ে বক্তব্য দিতে গিয়ে তিনি আরও বলেন, ‘এমপি সাহেবের বড় স্ত্রীসহ সবাইকে আমরা ডেকে নিয়ে বসে দেখলাম যে, ওই মেয়েটির আবদার, সে অন্য জায়গায় বিয়ে করবেনা, যতদিন সে বাঁচবে, এমপি সাহেবকে সেবা করে যাবে।’

মুহাদ্দিস আব্দুল খালেক বলেন, ‘এভাবেই মেয়েটির ‘‘অগাধ’’ দাবির মুখে তার মা-বাবা বাধ্য হয়ে তাদের বাড়িতে বিবাহের ব্যবস্থা করছে। কিন্তু কাজটা হয়েছে অসামাজিক। বিয়েটা অনৈতিক না, অসামাজিক। এই অসামাজিক কাজের কারণে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে তাঁকে বহিষ্কার করে দেওয়া হয়েছে।’

গণসংবর্ধনা অনুষ্ঠানে শিবপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মনিরুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর উপজেলা চেয়ারম্যান প্রার্থী শহীদ হাসান এবং জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা মোশরাররফ হোসেন প্রমুখ।