ময়মনসিংহের ধোবাউড়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উদ্যোগে ‘জুলাই পদযাত্রা’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ জুলাই) বিকেলে উপজেলা পরিষদের সামনে থেকে পদযাত্রাটি শুরু হয়। এটি উপজেলার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে স্থানীয় দাখিল মাদ্রাসা মাঠে গিয়ে আলোচনা সভার মাধ্যমে শেষ হয়।পদযাত্রা পরবর্তী সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতা নাসির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম। তারা তাদের বক্তব্যে জুলাই আন্দোলনের চেতনা, গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় তরুণদের অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানান। এ সময় দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও দেশ পুনর্গঠনে তরুণ প্রজন্মের দায়িত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করেন তারা।এনসিপির উপজেলা সমন্বয়ক আতিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী ও ছাত্র শক্তির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ।সভায় এনসিপির স্থানীয় নেতাকর্মী, সমর্থকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। বক্তারা জুলাই বিপ্লবের লক্ষ্য অর্জনে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ব্যক্ত করেন।