পাবনার ঈশ্বরদীতে দেশে প্রথমবারের মতো মেডিকেল গ্যাস পাইপলাইন ইকুইপমেন্ট সংযোজন কারখানার যাত্রা শুরু হয়েছে। তুরস্কভিত্তিক প্রতিষ্ঠান মেগাসান তুরস্ক এবং মেগাসান বাংলাদেশের যৌথ উদ্যোগে ঈশ্বরদীর অরোনকোলা এলাকায় তৈরি হয়েছে মেগাসান মেডিকেল ইন্ডাস্ট্রিজ বাংলাদেশ লিমিটেডের এই অ্যাসেম্বলি প্ল্যান্ট। শনিবার আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি প্রধান অতিথি হিসাবে যুক্ত ছিলেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল। পরে তিনি মেগাসান তুরস্কের ভাইস চেয়ারম্যান হায়রেত্তিন সিলেকতিনের সঙ্গে যৌথভাবে অত্যাধুনিক চিকিৎসা সরঞ্জামের প্রদর্শনীর উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিএনপির পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব এবং স্বাধীনতা পুরস্কার পাওয়া চিকিৎসক অধ্যাপক ডা. কামরুল ইসলাম যৌথভাবে কারখানাটির ইকুইপমেন্ট টেস্টিং ল্যাব উদ্বোধন করেন। সংবাদ বিজ্ঞপ্তি।