চট্টগ্রামে ইয়াবা পাচারের মামলায় মো. সোহেল (৩৭) নামে পলাতক এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (২২ জুলাই) চট্টগ্রামের পঞ্চম অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. তাজুল ইসলামের আদালত এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত সোহেল ফটিকছড়ি উপজেলার ধুরুং এলাকার বাসিন্দা এবং মো. শফির ছেলে।
আদালত সূত্রে জানা যায়, ২০১৯ সালের ১ জুন শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ভিভিআইপি প্রবেশগেটসংলগ্ন এপিবিএন চেকপোস্টে সন্দেহজনক আচরণের কারণে সোহেলকে তল্লাশি করা হয়। এ সময় তার স্কুলব্যাগ ও জুতার মোজার ভেতর থেকে ৫ হাজার ৫টি ইয়াবা উদ্ধার করা হয়।
এ ঘটনায় উপপরিদর্শক (এসআই) মো. আবুল কালাম বাদী হয়ে পতেঙ্গা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে।
আদালতের বেঞ্চ সহকারী এস. এম. কাওসার সাগর জানান, পাঁচজন সাক্ষীর সাক্ষ্য ও অন্যান্য প্রমাণে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। পাশাপাশি ৫০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন না। ফলে তার বিরুদ্ধে সাজা পরোয়ানার ভিত্তিতে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।
এমআরএএইচ/বিএ








