বাগেরহাটের ফকিরহাটে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ১০০টি ইয়াবাসহ ২ মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) রাতে উপজেলার আট্টাকী বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন–উপজেলার আট্টাকী এলাকার সরদার আরিফউজ্জামান (৪৭) ও সাইফুল ইসলাম হিরক (৩৫)।জেলা ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি দল আট্টাকী বাজার এলাকায় বিশেষ অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন হিসেবে ওই ২ ব্যক্তিকে তল্লাশি করা হয়। পরে তাদের কাছ থেকে ১০০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।বাগেরহাট জেলা পুলিশের মিডিয়া সেল থেকে শুক্রবার (১০ জুলাই) সকালে জানানো হয়, গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে এলাকায় অবৈধ মাদক কেনাবেচার সঙ্গে জড়িত ছিলেন। তাদের বিরুদ্ধে ফকিরহাট মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। মাদক নির্মূলে জেলা পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।\