জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস হয়েছে। এবারের বাজেটের আকার ৩৪৮ কোটি ৭০ লাখ ৫ হাজার টাকা। তবে এতে গবেষণায় কোনো বরাদ্দ রাখা হয়নি। বাজেটের ৯১ শতাংশই খরচ হবে বেতন-ভাতা ও দাপ্তরিক কাজে।

শনিবার (২৭ জুন) মধ্যরাতে বিশ্ববিদ্যালয়ের সিনেট অধিবেশনে এই বাজেট পাস হয়। এটি ছিল সিনেটের ৪৩ তম বার্ষিক অধিবেশন। অধিবেশনে কোষাধ্যক্ষ অধ্যাপক মো. আবদুর রব বাজেট উপস্থাপন করেন। আগের অর্থবছরের সংশোধিত বাজেটের চেয়ে এবারের বাজেট বেড়েছে মাত্র ৪৪ লাখ ৪১ হাজার টাকা।

সিংহভাগ বরাদ্দ বেতন-ভাতাতেই

বাজেটের সবচেয়ে বড় অংশ রাখা হয়েছে বেতন-ভাতায়। শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের বেতন-ভাতায় খরচ হবে ২০১ কোটি ৪৩ লাখ টাকা। এটি মোট বাজেটের ৫৭ দশমিক ৭৭ শতাংশ। দাপ্তরিক ও আনুষঙ্গিক কাজে বরাদ্দ রাখা হয়েছে ৭৮ কোটি ৩ লাখ টাকা। আর পেনশনে ব্যয় হবে ৩৭ কোটি ১৪ লাখ টাকা। এই তিনটি খাতেই বাজেটের ৯১ শতাংশ টাকা চলে যাবে।

অন্যান্য খাতের মধ্যে যন্ত্রপাতি কেনায় ১১ কোটি ৩৭ লাখ টাকা রাখা হয়েছে। মেরামত কাজে ৯ কোটি ৪৭ লাখ এবং আইসিটি খাতে ২ কোটি ৮২ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। যানবাহন কেনায় খরচ হবে ২ কোটি ৪৪ লাখ টাকা। এছাড়া স্বাস্থ্যসেবায় বরাদ্দ রাখা হয়েছে মাত্র ৭০ লাখ টাকা।

গবেষণায় শূন্য বরাদ্দ

গত অর্থবছরের বাজেটে গবেষণায় ৯ কোটি ২৩ লাখ টাকা বরাদ্দ ছিল। তবে, নতুন বাজেটে এ খাতে কোনো টাকা রাখা হয়নি। উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান এর কারণ হিসেবে জানান, আগামী অর্থবছর থেকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) সরাসরি গবেষণায় অর্থায়ন করবে। তাই বিশ্ববিদ্যালয়ের বাজেটে এবার আলাদা বরাদ্দ রাখা হয়নি।

নিজস্ব আয় তলানিতে

বিশ্ববিদ্যালয়ের নিজস্ব আয় টানা কমছে। গত চার বছরে এই আয় অর্ধেকের নিচে নেমে এসেছে। ২০২৩-২৪ অর্থবছরে নিজস্ব আয় ছিল ৭৪ কোটি ৫ লাখ টাকা। নতুন অর্থবছরে আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে মাত্র ৩২ কোটি টাকা।

ঘাটতি ১০০ কোটি টাকা

বিশ্ববিদ্যালয়ের পুঞ্জীভূত ঘাটতি প্রায় ১০০ কোটি টাকায় পৌঁছেছে। কোষাধ্যক্ষ জানান, বিশ্ববিদ্যালয় প্রশাসন ইউজিসির কাছে ৪৪১ কোটি টাকা বরাদ্দ চেয়েছিল। কিন্তু ইউজিসি বরাদ্দ দিয়েছে ৩৪৮ কোটি ৭০ লাখ টাকা। অর্থাৎ চাহিদার চেয়ে প্রায় ৯২ কোটি টাকা কম পাওয়া গেছে।

বর্তমানে বিশ্ববিদ্যালয়ের রাজস্ব তহবিলে ঘাটতি দাঁড়িয়েছে ৯৯ কোটি ৭ লাখ টাকা। জাবি স্কুল অ্যান্ড কলেজ পরিচালনা, গার্ডদের বোনাস, নৈশ ভাতা এবং ডাইনিংয়ের কর্মীদের বেতনের কারণে এই ঘাটতি তৈরি হয়েছে। কোষাধ্যক্ষ জানান, বরাদ্দ কম থাকায় বাজেট বাস্তবায়ন বেশ কঠিন হবে।

ছাত্র সংসদের বাজেট কর্তন

বাজেটে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদের পরিচালন ব্যয় কমানো হয়েছে। এর প্রতিবাদ জানিয়েছেন সিনেটের ছাত্র প্রতিনিধিরা। জাকসুর পরিচালনা বাজেট ১০ লাখ থেকে কমিয়ে ৫ লাখ ৩২ হাজার টাকা করা হয়েছে। ২১টি হল সংসদের বরাদ্দও কমানো হয়েছে। ছাত্র প্রতিনিধিদের অভিযোগ, প্রশাসন জাকসু ভবন সংস্কারে ৪৬ লাখ টাকা বরাদ্দ দিয়েছে। কিন্তু কাজ পরিচালনার বাজেট অর্ধেক করে ফেলেছে। এটি ছাত্র সংসদকে অকার্যকর করার একটি চেষ্টা বলে অভিযোগ তাদের।

আনুষাঙ্গিক ঘোষণা

অধিবেশনে উপাচার্য বিশ্ববিদ্যালয়ের পূর্ণাঙ্গ মাস্টারপ্ল্যানের জন্য সরকারি বরাদ্দ পাওয়ার কথাও নিশ্চিত করেন। এছাড়া, জাবিতে কৃষি ও মেডিক্যাল অনুষদ চালুর ওপর গুরুত্বারোপ করেন তিনি। পাশাপাশি ২০২৭ সালের ফেব্রুয়ারিতে জাবির ৭ম সমাবর্তন আয়োজনের পরিকল্পনার কথাও জানান উপাচার্য।