ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘সবুজ ও পরিচ্ছন্ন ক্যাম্পাস’ গড়ে তোলার লক্ষ্যে মাসব্যাপী বৃক্ষরোপণ ও ক্লিন ক্যাম্পাস কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বর্তমান বাংলাদেশ সরকারের নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ পরিকল্পনার অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়।
রবিবার (২৮ জুন) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনের চত্বরে এ কর্মসূচির উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক এ কে এম মতিনুর রহমান।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে ইবি ল্যাবরেটরি স্কুল এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের মাঝে ফলজ গাছের চারা বিতরণ করা হয়। একইসঙ্গে ক্যাম্পাসে পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়।
কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব এবং ‘ক্লিন কুষ্টিয়া গ্রীণ কুষ্টিয়া’র উপদেষ্টা প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেন, “পৃথিবীর পরিবেশ এবং মানবজাতির ভবিষ্যৎ রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব। বৃক্ষরোপণের মাধ্যমেই আমরা এই পরিবেশ সংরক্ষণ করতে পারি। আশা করি, এই উদ্যোগের মধ্য দিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয় পরিচ্ছন্ন ক্যাম্পাস হিসেবে সারা দেশে অনন্য দৃষ্টান্ত স্থাপন করবে।”
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য এ কে এম মতিনুর রহমান বলেন, “এই বিশ্ববিদ্যালয় আমাদের সবার। এর জীববৈচিত্র্য, সবুজ পরিবেশ ও প্রাকৃতিক সৌন্দর্য সংরক্ষণের দায়িত্বও আমাদের। আজ আমরা বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করছি। তবে এটি একদিনের কর্মসূচি নয়; আগামী এক মাসব্যাপী ক্যাম্পাসজুড়ে ধারাবাহিকভাবে এই কার্যক্রম পরিচালিত হবে।” এ সময় তিনি একটি পরিবেশবান্ধব ক্যাম্পাস গড়ে তুলতে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব এবং ‘ক্লিন কুষ্টিয়া গ্রীণ কুষ্টিয়া’র উপদেষ্টা প্রকৌশলী জাকির হোসেন সরকার। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক এম এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক জাহাঙ্গীর আলম, জিয়া পরিষদের কেন্দ্রীয় মহাসচিব ড. এমতাজ হোসেন ইবি জিয়া পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক রফিকুল ইসলাম, কর্মকর্তা সমিতির সভাপতি আব্দুল মঈদ বাবুল ও শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ-সহ শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।








