‘রক্তে লেখা বিপ্লব, যুক্তিতে গড়া আগামী’ স্লোগানকে ধারণ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) আগামী ২৪ ও ২৫ জুলাই শুরু হতে যাচ্ছে আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা। আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের বিতর্ক সংগঠন 'ডিবেটিং ফোরাম অব ইন্টারন্যাশনাল রিলেশনস' (ডিএফআইআর) দুই দিনব্যাপী এই প্রতিযোগিতার আয়োজন করেছে।
আয়োজকরা জানান, বাঙালির ইতিহাস মূলত বিপ্লবের ইতিহাস। এই বিপ্লবের চেতনাকে ধারণ করে যুক্তির আলোয় সামনের দিকে এগিয়ে যেতে হবে। এর মাধ্যমেই স্বপ্নের বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।
প্রতিযোগিতাটি সুষ্ঠুভাবে পরিচালনার জন্য নাজমুল ওয়ারা তালহাকে আহ্বায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। তার সঙ্গে সহ-আহ্বায়ক হিসেবে কাজ করছেন আয়েশাতুন ফারিয়া।
আয়োজনের উদ্দেশ্য ও প্রত্যাশা সম্পর্কে আহ্বায়ক নাজমুল ওয়ারা তালহা বলেন, “বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মধ্যে যুক্তিবাদী মানসিকতা, জ্ঞানচর্চা ও বুদ্ধিবৃত্তিক মননের বিকাশে এ প্রতিযোগিতাটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।”
আয়োজক কমিটি আরো জানায়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের শিক্ষার্থীরা এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। জমজমাট এই আয়োজনের মধ্য দিয়েই ক্যাম্পাসের সেরা বিতার্কিকদের খুঁজে বের করা হবে।








