শরীয়তপুরের জাজিরা উপজেলার দক্ষিণ ডুবলদিয়া কাজীকান্দি এলাকায় ৮০ পিস ইয়াবাসহ দুই যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয়রা। তবে পুলিশ আসার আগে উত্তেজিত জনতা তাদের প্রকাশ্যে লাঞ্ছিত করে।

শনিবার (১১ জুলাই) দুপুরে উপজেলার দক্ষিণ ডুবলদিয়া কাজীকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।

আটক দুই যুবক হলেন- জাজিরা উপজেলার আড়াচন্ডি গ্রামের মুজিবর দারগার ছেলে অপু দারগা এবং একই গ্রামের মোসলেম দারগার ছেলে সাজু দারগা।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকাল থেকে ওই দুই যুবককে এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে স্থানীয় কয়েকজন তাদের ওপর নজরদারি শুরু করেন। কিছুক্ষণ পর আরো একজন ব্যক্তি তাদের সঙ্গে দেখা করতে এলে স্থানীয়দের সন্দেহ আরো বাড়ে। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে দুই যুবক দৌড়ে পালানোর চেষ্টা করলে আশপাশের লোকজন ধাওয়া করে তাদের আটক করেন।

পরে তাদের দেহ তল্লাশি করে ৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয় বলে স্থানীয়রা জানান।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, ইয়াবা উদ্ধারের পর উত্তেজিত জনতা একজনের দুই হাত ও দুই পা বেঁধে একটি বাঁশের সঙ্গে ঝুলিয়ে পুরো এলাকায় প্রদক্ষিণ করায়। অপর যুবককে মোবাইলে গান বাজিয়ে জনসম্মুখে নাচতে বাধ্য করা হয়। এ সময় ঘটনাস্থলে বিপুল সংখ্যক উৎসুক মানুষ ভিড় করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক ব্যক্তি বলেন, আইন নিজের হাতে তুলে নেওয়া আইনসম্মত নয়। কোনো অপরাধীকে আটক করা হলে তাকে নির্যাতন বা প্রকাশ্যে লাঞ্ছিত না করে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করাই আইনসম্মত পদ্ধতি।

খবর পেয়ে জাজিরা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আটক দুই যুবক ও উদ্ধার হওয়া ইয়াবা নিজেদের হেফাজতে নেয়। পরে তাদের থানায় নিয়ে যাওয়া হয়।

জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালেহ আহাম্মদ বলেন, দক্ষিণ ডুবলদিয়া এলাকায় স্থানীয়রা ৮০ পিস ইয়াবাসহ দুইজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।