কক্সবাজারের পেকুয়া উপজেলায় বন্যার পানিতে ডুবে মুশফিকুর রহিম (২১ মাস) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার রাত সোয়া ১০টার দিকে উপজেলার সদর ইউনিয়নের বলিরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মুশফিকুর ওই গ্রামের প্রবাসী নাছির উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় নাছির উদ্দিনের বাড়ি প্লাবিত হয়। শনিবার রাতে পরিবারের সদস্যদের অগোচরে মুশফিক বাড়ির উঠোনে জমে থাকা বন্যার পানিতে পড়ে যায়। পরে পরিবারের সদস্যরা তাকে খুঁজতে শুরু করলে কিছুক্ষণ পর বাড়ির উঠোনে বন্যার পানিতে ভাসমান অবস্থায় তাকে দেখতে পান।

তাৎক্ষণিকভাবে শিশুটিকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শিশুটির চাচা মো. ইব্রাহিম বলেন, ‘মুশফিক কীভাবে বাড়ি থেকে বের হয়ে উঠোনের বন্যার পানিতে চলে গেল, তা বুঝতে পারছি না। সে আমাদের পরিবারের সবার খুব আদরের ছিল। তার মৃত্যুতে পরিবারসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।’