জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মূখ্য সমন্বয়ক সারজিস আলম বলেছেন, শেখ হাসিনা ও রেহানার পরিবারের কেউ বাংলাদেশি ও মুসলিম না।
শনিবার (১১ জুলাই) রাতে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর রেলস্টেশনে এনসিপি আয়োজিত পদযাত্রা পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
সারজিস আলম বলেন, স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে শেখ মুজিবুর রহমান বাকশাল কায়েম করেন। তিনি ১৯৭২-৭৫ পর্যন্ত স্বৈরাচারী কায়দায় দেশ পরিচালনা করেন। তার মেয়ে শেখ হাসিনাও একই কায়দায় গত ১৫ বছর দেশ পরিচালনা করেন।
তিনি বলেন, শেখ হাসিনা ও তার বোন শেখ রেহেনার পরিবারের কোনো সদস্য বাংলাদেশি ও মুসলিম না, তারা আমেরিকা, কানাডা ও ব্রিটিশ নাগরিক। শেখ হাসিনা বর্তমানে ভারতের নাগরিক।
সীমান্ত সুরক্ষা প্রসঙ্গে তিনি বলেন, সীমান্তে পুশ-ইনের বিরুদ্ধে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় জনসাধারণের অবস্থান অত্যন্ত প্রশংসনীয়। দেশের সার্বভৌমত্ব রক্ষায় বিজিবিকে আরো শক্তিশালী করার জোর আহ্বান জানান তিনি।
উপজেলা এনসিপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. আবু মাসুদ মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন এনসিপির যুগ্ম আহ্বায়ক ও কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ডক্টর আতিক মুজাহিদ, যুগ্ম সদস্য সচিব এস এম সাঈফ মুস্তাফিজ, জাতীয় নাগরিক শক্তির কেন্দ্রীয় আহ্বায়ক জাহিদ হাসান, এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ও জাতীয় নারী শক্তির সভানেত্রী মনিরা শারমিন, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন।
এর আগে সন্ধ্যায় গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান সৃষ্টি ও সীমান্ত সুরক্ষার দাবিতে ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি অনুষ্ঠিত হয়। পদযাত্রাটি রহনপুর কলোনি মোড় থেকে শুরু হওয়া পদযাত্রাটি রহনপুর রেলস্টেশন এলাকায় গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
এম.এ.এ.গালিভ ১১-০৭-২৬








