পাহাড়ি ঢল আর বৃষ্টির কারণে জামালপুরের ইসলামপুর উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে ফসল, বসতঘর ও গ্রামীণ সড়ক তলিয়ে গেছে। ফলে দুর্ভোগে পড়েছেন হাজারও মানুষ।
গত কয়েক দিনের বৃষ্টি এবং উজান থেকে আসা পাহাড়ি ঢলের কারণে উপজেলার সাপধরী, চিনাডুলী, নোয়ারপাড়া ইউনিয়নের নিম্নাঞ্চলে পানি বাড়তে থাকে। এতে আমন ধানের বীজতলা, শাকসবজি, পাটসহ অন্যান্য মৌসুমি ফসল ডুবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
সাপধরী ইউনিয়নের প্রজাপতি গ্রামের কৃষক আব্দুল হাকিম প্রামানিক জানান, তিন বিঘা জমির পাট তলিয়ে গেছে। পানি দীর্ঘ দিন থাকলে পাট নষ্ট হয়ে যাবে।
একই গ্রামের রফিক মন্ডল বলেন, ৪০ শতাংশ জমির সবজি কিছুটা তলিয়ে গেছে। পানি বাড়লে বাকিটুকুও তলিয়ে যাবে।
এদিকে পানি বৃদ্ধি পাওয়ায় তলিয়ে গেছে কয়েকটি গ্রামীণ সড়ক। এতে ব্যাহত হচ্ছে যান চলাচল। ফলে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের উপস্থিতিও কমে গেছে।
ইসলামপুর উপজেলা কৃষি কর্মকর্তা ফয়সাল আহমেদ জানান, যমুনার বুকে চার ইউনিয়নে ২৫ হেক্টর জমির পাট, বীজতলা ও সবজি তলিয়ে গেছে।
জামালপুর পানি উন্নয়ন বোর্ডের পানি পরিমাপক আব্দুল মান্নান জানান, বাহাদুরাবাদ ঘাট পয়েন্ট পানি বিপৎসীমার ৭৮ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। গত ২৪ ঘণ্টায় ২৭ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে।
জামালপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশল মো. নকিবুজ্জামান খান বলেন, ‘আরও ২ থেকে ৩ দিন পানি বাড়তে পারে। এতে যমুনার পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে। তবে খুব কম সময়ের মধ্যে পানি কমার সম্ভাবনা রয়েছে।’
হৃদয় আহম্মেদ/এএইচ/এমএস








