জামালপুরে ভুল প্রশে এইচএসসির বাংলা দ্বিতীয়পত্রের পরীক্ষার ঘটনায় কলেজ অধ্যক্ষকে শোকজ করা হয়েছে। কলেজ কর্তৃপক্ষের চরম গাফিলতির প্রমাণ পেয়েছে ময়মনসিংহ শিক্ষাবোর্ডের তদন্ত কমিটি। এ ঘটনায় সরকারি আশেক মাহমুদ কলেজ কেন্দ্রের পরীক্ষা পরিচালনা কমিটি বাতিল করা হয়েছে। তদন্ত প্রতিবেদন দ্রুত শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে বলে জানিয়েছেন কমিটির প্রধান ও বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ সিরাজুল ইসলাম মিন্টু।

তদন্তে বলা হয়েছে, কলেজ কর্তৃপক্ষ ভুলবশত সংরক্ষিত প্রশ্নপত্র বিতরণ করায় প্রায় ১০০ জন পরীক্ষার্থী ২০২৫ সালের সিলেবাসভিত্তিক প্রশ্নে পরীক্ষা দেন। তবে এতে শিক্ষার্থীদের কোনো ক্ষতি হবে না বলে আশ্বাস দিয়েছে তদন্ত কমিটি। ক্ষতিগ্রস্ত পরীক্ষার্থীদের উত্তরপত্র আলাদাভাবে মূল্যায়ন করা হবে। এদিকে ভারপ্রাপ্ত কর্মকর্তা, ট্যাগ অফিসার, পরীক্ষা কমিটির আহ্বায়ক, কক্ষ পরিদর্শকসহ সংশ্লিষ্ট সবাইকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। উল্লেখ্য, শনিবার সরকারি আশেক মাহমুদ কলেজ কেন্দ্রের ৪২০২ নম্বর কক্ষে ঘটনা ঘটে।