নালিতাবাড়ীতে হেলমেট পরে জামায়াত নেতা জাহিদ হাসানের ওপর হামলা হয়েছে। এ সময় তার মাথায় কালো ব্যাগ প্যাঁচিয়ে হাত-পা বেঁধে পেটানো হয়। এর প্রতিবাদে রোববার পৌর জামায়াতের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। এ সময় হামলাকারীদের ৪৮ ঘণ্টার মধ্যে শনাক্ত করে গ্রেফতারের দাবি জানানো হয়েছে। অন্যথায় ওসির পদত্যাগ দাবির পাশাপাশি নালিতাবাড়ী শহর অচল করে দেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়। পৌর জামায়াতের সেক্রেটারি আব্দুল মোমেনের সঞ্চালনায় সমাবেশে সভাপতিত্ব করেন আমির হেলাল উদ্দীন। শনিবার রাতে চকপাড়াই হামলার শিকার হন জাহিদ হাসান। তিনি ৭ নম্বর ওয়ার্ড জামায়াতের সম্পাদক ও ব্যবসায়ী ফোরামের শেরপুর জেলা শাখার যুগ্ম সম্পাদক। পরিবারের দাবি, রাতে বাজারে নিজের ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে দুটি মোটরসাইকেলে আসা হেলমেট পরা চার ব্যক্তি মাথায় কালো ব্যাগ পরিয়ে হাত-পা বেঁধে মারধর করে। পরে অচেতন অবস্থায় তাকে ফেলে রেখে হামলাকারীরা চলে যায়। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।








