ফতুল্লায় ব্যাংকিং সমস্যার কারণে জমি বিক্রি করেও রপ্তানিমুখী পোশাক কারখানা (গার্মেন্ট) চালাতে না পেরে বন্ধ ঘোষণা করেছে মালিকপক্ষ। এতে কারখানায় কর্মরত সাড়ে ৫শ শ্রমিক বিক্ষোভ করেছেন।

মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত ফতুল্লার মাসদাইর এলাকায় ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সংযোগ সড়ক অবরোধ করে সেঞ্চুরি অ্যাপারেলস গার্মেন্টের শ্রমিকরা এ বিক্ষোভ করেন। পরে পুলিশ গিয়ে তাদের শান্ত করেন। গার্মেন্ট কারখানার গেটে ঝুলিয়ে দেওয়া নোটিশে মালিকপক্ষ উল্লেখ করেন, সেঞ্চুরি অ্যাপারেলস লিমিটেডের সব সেকশনে কর্মরত সব কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ব্যাংকিং সমস্যার কারণে সময়মতো বেতন প্রদান না করার কারণে কারখানায় কর্মরত শ্রমিকরা প্রতি মাসেই বিভিন্ন মেয়াদে কাজ বন্ধ রাখেন। এভাবে কাজ বন্ধ রাখার কারণে সময়মতো শিপমেন্ট না হওয়ায় একদিকে যেমন ব্যাংকিং সমস্যা প্রকট হয়েছে, অন্যদিকে ক্রেতা প্রতিনিধি ক্রয়াদেশ বন্ধ করে দিয়েছে। এমনকি গুরুত্বপূর্ণ বায়ার চলে গেছে। এসব কারণে কারখানার আর্থিক সমস্যার সৃষ্টি হয়েছে। ব্যাংক থেকে কোনো টাকা না দেওয়ায় বিগত পাঁচ মাস যাবৎ জমি বিক্রি করে কারখানা পরিচালনা করা হয়। বর্তমানে ক্রয়াদেশ না থাকা এবং কাঁচামালের ব্যবস্থা করতে না পারার কারণে কর্তৃপক্ষের পক্ষে কোনোভাবেই কারখানা চালানো সম্ভব হচ্ছে না বিধায় স্থায়ীভাবে বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছেন। আগামী ৩০ কর্মদিবসের মধ্যে সবাইকে আইনানুগ সব পাওনা পরিশোধ করা হবে।