তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, ‍“মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার পাশাপাশি জনগণকে ভুল তথ্য ও অপতথ্য থেকে সুরক্ষা দেওয়াও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব। এ জন্য সময়োপযোগী ও কার্যকর কৌশল প্রণয়ন প্রয়োজন।”

বুধবার (৮ জুলাই) সচিবালয়ে নিজ কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত জোরিস ভ্যান বোমেলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।

জহির উদ্দিন স্বপন বলেন, “বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর বিভিন্ন খাতে গুণগত পরিবর্তন আনার লক্ষ্যে কাজ করছে। গণমাধ্যম, যোগাযোগ ব্যবস্থা, নিউ মিডিয়া, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং ডিজিটাল ইকোসিস্টেমের মতো উদীয়মান ক্ষেত্রে নেদারল্যান্ডসের সঙ্গে যৌথভাবে কাজ করতে বাংলাদেশ আগ্রহী।”

তিনি বলেন, “দ্রুত পরিবর্তনশীল তথ্যপ্রযুক্তি নির্ভর বিশ্বে নতুন নতুন চ্যালেঞ্জ তৈরি হচ্ছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় কার্যকর নীতি ও কৌশল প্রণয়ন জরুরি।” এ ক্ষেত্রে নেদারল্যান্ডসের অভিজ্ঞতা সম্পর্কে জানারও আগ্রহ প্রকাশ করেন তিনি।

রাষ্ট্রদূত জোরিস ভ্যান বোমেল তথ্যমন্ত্রীকে দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানান। তিনি বলেন, “স্বাধীনতার পর থেকে বাংলাদেশ ও নেদারল্যান্ডসের মধ্যে দৃঢ় দ্বিপাক্ষিক সম্পর্ক গড়ে উঠেছে, যা বর্তমানে শিক্ষা, স্বাস্থ্য, উন্নয়ন, ব্যবসা বাণিজ্যসহ বিভিন্ন ক্ষেত্রে বিস্তৃত হয়েছে। এ সম্পর্ক আরো জোরদারে নেদারল্যান্ডস সরকারের পক্ষ থেকে সহযোগিতা অব্যাহত থাকবে।”

ডিজিটাল যুগের চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন নীতিগত কাঠামো প্রণয়নের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে রাষ্ট্রদূত নেদারল্যান্ডসে এ বিষয়ে গৃহীত বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন।

সাক্ষাৎকালে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা, অতিরিক্ত সচিব মো. শাহ আলমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।