চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরে পাহাড় ধসে মাটিচাপা পড়ে ১০ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে ৯টায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তানভীর জঙ্গল সলিমপুর এলাকার বাসিন্দা মাঈন উদ্দীনের ছেলে।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, ‘গত কয়েক দিনের টানা বৃষ্টিতে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। পাদদেশে গড়ে তোলা বসতঘরের উপর পাহাড় ধসে পড়লে ঘটনাস্থলেই ওই শিশু নিহত হয়। তবে ঘটনাস্থলে পুলিশ পৌঁছানোর আগেই পরিবারের সদস্যরা শিশুটিকে ধর্মীয় রীতি অনুযায়ী দাফন সম্পন্ন করেছে।’