চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্বাভাবিক হয়েছে। বুধবার (৮ জুলাই) সকাল থেকে সব ফ্লাইট নির্ধারিত সময়ে স্বাভাবিকভাবে উঠানামা করেছে।
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগের দায়িত্বে থাকা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বাতাসের গতি বেশি থাকলে ফ্লাইট উঠানামায় সমস্যা হয়। আজ (বুধবার) বৃষ্টি হলেও আবহাওয়া স্বাভাবিক ছিল। বাতাসও স্বাভাবিক। তাই সকাল থেকে সব ফ্লাইট নির্ধারিত সময়ে উঠানামা করেছে। কোনো ফ্লাইট বিলম্ব বা শিডিউল বিপর্যয় হয়নি।
আরও পড়ুন
বৈরী আবহাওয়ায় শাহ আমানতে নামতে পারেনি তিনটি ফ্লাইট
এর আগে মঙ্গলবার (৭ জুলাই) সকালে বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে না পেরে আবুধাবি-চট্টগ্রাম রুটের ইউএস বাংলা এয়ারলাইন্সের ফ্লাইট বিএস-৩৫০, শারজাহ-চট্টগ্রাম রুটের এয়ার আরাবিয়ার ফ্লাইট জি-৯৫২৭ ডাইভার্ট হয়ে ঢাকায় অবতরণ করে। অন্যদিকে, ঢাকা-চট্টগ্রাম রুটের বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের বিজি-১২১ ফ্লাইটটি পুণরায় ঢাকায় ফিরে আসে।
শাহ আমানত বিমানবন্দর সূত্রে জানা গেছে, বুধবার সকাল থেকে শারজাহ হতে আসা এয়ার আরাবিয়া ও বাংলাদেশ বিমান এয়ারলাইন্স, মাস্কাট থেকে সালাম এয়ার ও ইউএস বাংলা এয়ারলাইন্স, দুবাই থেকে ফ্লাইট দুবাই, আবুধাবি ও জেদ্দা থেকে আসা বাংলাদেশ বিমান এয়ারলাইন্স এবং ঢাকা থেকে আসা অভ্যন্তরীণ রুটের ফ্লাইটগুলো নির্ধারিত সময়ে চট্টগ্রামে এসেছে। পাশাপাশি শারজাহ, মাস্কাট ও দুবাইয়ের ফিরতি ফ্লাইটগুলো ছেড়ে গেছে স্বাভাবিকভাবে।
এমডিআইএইচ/এসএনআর








