নির্বাচনের অঙ্গীকার রক্ষায় প্রধানমন্ত্রী তারেক রহমান নিরলসভাবে কাজ করে যাচ্ছেন-এমনটাই জানিয়েছেন তার রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, জনগণের কষ্ট লাঘব করতেই জাতীয় সংসদে জনবান্ধব বাজেট পাশ করা হয়েছে। শুক্রবার রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট আলোচনা সভার আয়োজন করে।

বিগত আওয়ামী লীগ সরকারের কঠোর সমালোচনা করে রিজভী বলেন, দলের (আওয়ামী লীগ) অনুগত না হলে হিন্দু ধর্মাবলম্বী মানুষও শেখ হাসিনার চরম নিপীড়ন ও নির্যাতনের শিকার হয়েছেন। চক্রান্ত করে কৃত্রিমভাবে ধর্মীয় বিভাজন তৈরি করা গেলেও, বাস্তবে দীর্ঘদিনের সাম্প্রদায়িক সম্প্রীতির এই বাংলাদেশে বাঙালিদের মধ্যে বিভাজন তৈরি করা যায় না।

তিনি আরও বলেন, গেল নির্বাচনে সব ষড়যন্ত্র ও চক্রান্ত মোকাবিলা করে হিন্দু ধর্মাবলম্বীরা জাতীয়তাবাদী শক্তিকে ভোট দিয়ে বিজয়ী করেছে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্রকে সুসংহত করতে ধর্মের ভেদাভেদ ভুলে দেশের সব নাগরিককে একসঙ্গে কাজ করার আহ্বান জানান বিএনপির এই শীর্ষ নেতা।