চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এলাকার ছয়টি সংযোগ সড়ক পাকাকরণ প্রকল্পের প্রস্তাবিত দ্বিতীয় সংশোধিত উন্নয়ন প্রকল্প প্রস্তাবে বাংলাদেশ সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড, চট্টগ্রামকে নির্বাহক সংস্থা হিসেবে অন্তর্ভুক্তির নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।
বুধবার (২২ জুলাই) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।
স্থানীয় সরকার বিভাগের প্রস্তাব অনুযায়ী, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর বাস্তবায়নকারী সংস্থা হিসেবে এবং সরকারি অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে।
আরও পড়ুন
জঙ্গল সলিমপুরে ৬ সড়ক নির্মাণে যুক্ত হচ্ছে সেনাবাহিনী
জানা যায়, ‘চট্টগ্রাম বিভাগের গুরুত্বপূর্ণ উপজেলা ও ইউনিয়ন প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ (প্রথম সংশোধিত)’ প্রকল্পটি ৩ হাজার ১১০ কোটি টাকা প্রাক্কলিত ব্যয়ে ২০২৩ সালের ২০ জুন অনুষ্ঠিত একনেক সভায় অনুমোদিত হয়। এ প্রকল্পের আওতায় জঙ্গল সলিমপুর এলাকার ছয়টি সংযোগ সড়ক পাকাকরণের কাজ অন্তর্ভুক্ত রয়েছে।
জঙ্গল সলিমপুর এলাকাটি দুর্গম ও ঝুঁকিপূর্ণ হওয়ায় সেখানে সড়ক নির্মাণকাজ দ্রুত ও কার্যকরভাবে সম্পন্ন করার লক্ষ্যে সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড, চট্টগ্রামের মাধ্যমে কাজ বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রাষ্ট্রীয় জরুরি প্রয়োজন বিবেচনায় প্রকল্পের প্রস্তাবিত দ্বিতীয় সংশোধিত উন্নয়ন প্রকল্প প্রস্তাবে বিশেষ ক্রয় ব্যবস্থার আওতায় সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড, চট্টগ্রামকে নির্বাহক সংস্থা হিসেবে অন্তর্ভুক্তির জন্য নীতিগত অনুমোদনের প্রস্তাব উপস্থাপন করা হলে, মন্ত্রিসভা কমিটি তা অনুমোদন করে। প্রকল্পটির মেয়াদ ২০২৩ সালের ১ জুলাই থেকে ২০২৮ সালের ৩০ জুন পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।
এমএএস/এমএএইচ/








