সাবেক লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ নিশ্চিত করেছেন, ইউলিয়ান নাগেলসম্যান পদত্যাগ করার পর জার্মান জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব নেওয়ার বিষয়ে জার্মান ফুটবল ফেডারেশনের (ডিএফবি) সঙ্গে তার আলোচনা হয়েছে।

বিশ্বকাপের শেষ ৩২-এ প্যারাগুয়ের কাছে জার্মানির বিদায়ের চার দিন পর শুক্রবার ডিএফবি আনুষ্ঠানিকভাবে নাগেলসম্যানের বিদায়ের ঘোষণা দেয়। একই সঙ্গে জানানো হয়, শূন্য হওয়া পদে ক্লপের সঙ্গে ইতোমধ্যেই যোগাযোগ করা হয়েছে।

ডিএফবির সভাপতি বার্ন্ড নয়েনডর্ফ এক বিবৃতিতে বলেন, ‘২০২৩ সালের সেপ্টেম্বর থেকে ইউলিয়ান নাগেলসমান যে কাজ করেছেন, তার জন্য জার্মান ফুটবল অ্যাসোসিয়েশন আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছে। তিনি অসাধারণ নিষ্ঠা ও উচ্চাকাঙ্ক্ষার পরিচয় দিয়েছেন।’

তিনি আরও বলেন, ‘নতুন কোচ নিয়োগের বিষয়ে ডিএফবি এখন ইয়ুর্গেন ক্লপের সঙ্গে আলোচনা করবে। তিনি ইতোমধ্যেই এই দায়িত্ব নিতে নীতিগতভাবে আগ্রহ প্রকাশ করেছেন’

শুক্রবার পরে ম্যাজেন্টা টিভিতে বিশ্বকাপ বিশ্লেষকের দায়িত্ব পালন করার সময় ক্লপ নিজেও বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘হ্যাঁ, আমি আলোচনা হওয়ার বিষয়টি নিশ্চিত করছি। হ্যাঁ, ইউলিয়ান পদত্যাগ করেছেন এবং ডিএফবি এখন তার উত্তরসূরি খুঁজছে। সেই প্রক্রিয়ার অংশ হিসেবেই তারা আমার সঙ্গে যোগাযোগ করেছে।’

বিশ্বকাপের শেষ ৩২-এ প্যারাগুয়ের বিপক্ষে টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় জার্মানি। এর ফলে টানা তৃতীয় বিশ্বকাপে হতাশাজনক বিদায় দেখল চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা। এর আগে ২০১৮ ও ২০২২ বিশ্বকাপে তারা গ্রুপ পর্বই পেরোতে পারেনি।

২০২৪ সালে লিভারপুল ছাড়ার পর আর কোনো দলের কোচিং করাননি ক্লপ। ২০২৫ সালের জানুয়ারিতে তিনি রেড বুল-এর ফুটবলবিষয়ক প্রধান হিসেবে যোগ দেন। তবে শুক্রবার তিনি জানান, আবারও ডাগআউটে ফেরার জন্য এখনই সবচেয়ে উপযুক্ত সময়।

ক্লপ বলেন, ‘সময়টা এখনও পুরোপুরি আদর্শ নয়, কারণ আমি বর্তমানে রেড বুলের সঙ্গে চুক্তিবদ্ধ। তবে ডাগআউটে ফেরার জন্য এর চেয়ে ভালো সময় আগে কখনো ছিল না। লিভারপুল ছাড়ার সময় আমার আর এক বছরও কোচিং চালিয়ে যাওয়ার মতো শক্তি ছিল না। এখন আমি পুরোপুরি সতেজ।’

তিনি আরও বলেন, জার্মানির কোচের দায়িত্ব নিতে হলে রেড বুলে তাঁর ঊর্ধ্বতন কর্মকর্তা অলিভার মিন্টজলাফ-এর সঙ্গে কথা বলতে হবে। তবে তিনি মনে করেন, জার্মানির কোচ হওয়ার সুযোগ এলে কেউই তার পথে বাধা হয়ে দাঁড়াবেন না।

ক্লপের ভাষায়, ‘আমার রেড বুলের সঙ্গে একটি বৈধ চুক্তি রয়েছে। ব্যক্তিগতভাবে আমি চুক্তির প্রতি সবসময়ই শ্রদ্ধাশীল। তবে আমি এটাও বলেছি যে এই আলোচনা আমাকে ভীষণ আগ্রহী করেছে। এ নিয়ে অবশ্যই গভীর আলোচনা হবে। কারণ জার্মানির সমস্যাগুলোর জন্য শুধু ইউলিয়ান নাগেলসম্যানকে দায়ী করা যায় না।’

নাগেলসম্যানের প্রশংসা করে তিনি বলেন, ‘ইউলিয়ান নাগেলসম্যান একজন অসাধারণ কোচ। ভবিষ্যতে তিনি আরও বহুবার সেটি প্রমাণ করার সুযোগ পাবেন।’

২০২৩ সালে হ্যান্সি ফ্লিককে সরিয়ে জার্মানির প্রধান কোচ করা হয় নাগেলসম্যানকে। মাত্র ৩৬ বছর বয়সে তিনি দেশটির ইতিহাসের দ্বিতীয় সর্বকনিষ্ঠ জাতীয় দলের কোচ হন।
সাবেক বায়ার্ন মিউনিখ কোচের অধীনে জার্মানি ইউরো ২০২৪-এর কোয়ার্টার ফাইনালে উঠেছিল। ২০২৫ সালের জানুয়ারিতে তার চুক্তির মেয়াদ বাড়িয়ে ইউরো ২০২৮ পর্যন্ত করা হয়েছিল।

আরএএইচইউএল/আইএন