ফিফা বিশ্বকাপে সবচেয়ে আলোচিত খেলোয়াড়দের একজন হয়ে উঠেছেন কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। আর্জেন্টিনার বিপক্ষেও শেষ ৩২-এর ম্যাচেও দুর্দান্ত পারফরম্যান্স উপহার দেন তিনি। যদিও ৩-২ গোলে হেরে কেপ ভার্দের রূপকথার যাত্রা শেষ হয়েছে, তবুও একের পর এক অসাধারণ সেভের পাশাপাশি পেছন থেকে আক্রমণ গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এই অভিজ্ঞ গোলরক্ষক।
বিশ্বকাপের একটি চমকপ্রদ পরিসংখ্যান অনুযায়ী, চলতি আসরের নকআউট পর্বে ভোজিনহার সফল ড্রিবলের সংখ্যা পর্তুগালের মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর চেয়েও বেশি। আর্জেন্টিনার বিপক্ষে ভোজিনহা দুটি সফল ড্রিবল সম্পন্ন করেন, যেখানে ক্রোয়েশিয়ার বিপক্ষে পর্তুগালের জয়ের ম্যাচে রোনালদো একটি সফল ড্রিবলও করতে পারেননি।
তবে এই পরিসংখ্যান বদলে যেতে পারে। কারণ কেপ ভার্দে ইতোমধ্যেই টুর্নামেন্ট থেকে বিদায় নিলেও রোনালদোর পর্তুগাল শেষ ষোলোতে স্পেনের মুখোমুখি হবে। আর্জেন্টিনার বিপক্ষে সাহসী লড়াইয়ের পর ম্যাচ-পরবর্তী প্রতিক্রিয়ায় ভোজিনহা বলেন, ‘বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে সমানতালে লড়তে পেরে তিনি গর্বিত।’
পাশাপাশি তিনি বিশ্বাস করেন, এই অভিজ্ঞতা কেপ ভার্দের ফুটবলের জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে। দলটির ফুটবলের সর্বোচ্চ মঞ্চে পৌঁছানোর যাত্রায় যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অবদান রেখেছেন, তাদের সবাইকেও তিনি ধন্যবাদ জানান।
তিনি বলেন, ‘আমরা বর্তমান বিশ্বচ্যাম্পিয়নের বিপক্ষে খেলেছি এবং আজ সমানতালে লড়াই করেছি। এমনকি ম্যাচ জেতার সুযোগও আমাদের ছিল। তাই আমাদের খুবই সন্তুষ্ট ও গর্বিত হওয়া উচিত।’
ভোজিনহা আরও বলেন, ‘অবশ্যই আমরা হতাশ। আমরা এখানেই থেমে যেতে চাইনি। তবে যা কিছু অর্জন করেছি, তার জন্য আমি কৃতজ্ঞ। আমার সব সতীর্থ, কোচিং স্টাফ, ফেডারেশন এবং সেই সব সমর্থকদের ধন্যবাদ জানাই, যারা অনেক কষ্ট করে এখানে এসে আমাদের সমর্থন করেছেন।’
ভবিষ্যৎ নিয়ে আশাবাদী এই গোলরক্ষক বলেন, ‘এখন সামনে তাকানোর সময়। আমি বিশ্বাস করি, আমাদের জন্য আরও ভালো সময় অপেক্ষা করছে। আমাদের দারুণ একটি দল রয়েছে, যেখানে অনেক প্রতিভাবান খেলোয়াড় আছে। কে জানে, হয়তো আগামী দিনে এই ছেলেদের অনেককেই বিশ্বের সেরা লিগগুলোতে খেলতে দেখা যাবে।’
আরএএইচইউএল/আইএন








