জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২৮তম সিনেট অধিবেশন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ জুন) গাজীপুরে বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে আয়োজিত এ অধিবেশনে সভাপতিত্ব করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও সিনেট চেয়ারম্যান অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ।
অধিবেশনে উপাচার্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থাকে সময়োপযোগী ও কর্মমুখী করে গড়ে তোলার লক্ষ্যে গৃহীত বিভিন্ন কার্যক্রমের বিস্তারিত তুলে ধরেন। তিনি বলেন, বৈশ্বিক চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে উচ্চশিক্ষার মানোন্নয়নে দেশি-বিদেশি ১৫০টিরও বেশি বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান এবং শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করা হয়েছে। একই সঙ্গে আন্তর্জাতিক মানসম্পন্ন অ্যাপ্রেন্টিসশিপ কর্মসূচির আওতায় ৫০ হাজার শিক্ষানবিশ তৈরির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
সভায় আরো জানানো হয়, শিক্ষার্থীদের বৈশ্বিক প্রতিযোগিতায় সক্ষম করে তুলতে মাল্টি ল্যাংগুয়েজ লার্নিং ইনস্টিটিউটের মাধ্যমে মান্দারিন, জাপানিজ, কোরিয়ান, আরবি, ইতালিয়ান, স্প্যানিশ ও ফরাসি ভাষা শেখানোর উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি দক্ষতাভিত্তিক পাঠ্যক্রম প্রণয়ন, গ্রিন ক্যাম্পাস গড়ে তোলা, আগামী পাঁচ বছরে ২ কোটি গাছ রোপণের পরিকল্পনা, স্নাতক পর্যায়ে ইংরেজি ও আইসিটি কোর্স বাধ্যতামূলক করা, সিলেবাস সংস্কার এবং শিক্ষক প্রশিক্ষণ ব্যবস্থার আধুনিকায়নের বিষয়গুলোও গুরুত্বের সঙ্গে উপস্থাপন করা হয়।
অধিবেশনে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. এ টি এম জাফরুল আযম ২০২৬-২০২৭ অর্থবছরের ৮০১ কোটি ৪ লাখ ৬০ হাজার টাকার মূল বাজেট এবং ২০২৫-২০২৬ অর্থবছরের ৬৬৪ কোটি ৮ লাখ ৪১ হাজার টাকার সংশোধিত বাজেট উপস্থাপন করেন। পরে সিনেট সদস্যরা সর্বসম্মতিক্রমে উভয় বাজেট অনুমোদন করেন।
সিনেট অধিবেশনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা, দক্ষতা উন্নয়ন, পরিবেশবান্ধব ক্যাম্পাস গঠন এবং আন্তর্জাতিক সহযোগিতা সম্প্রসারণের বিভিন্ন পরিকল্পনাকে আগামী দিনের উচ্চশিক্ষা উন্নয়নের গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে তুলে ধরা হয়।








