গুলশান-২ এলাকায় ফ্ল্যাট জালিয়াতির মাধ্যমে অবৈধ সুবিধা নেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগনি ও ব্রিটিশ এমপি টিউলিপ রিজওয়ানা সিদ্দিক এবং রাজউকের সাবেক সহকারী আইন উপদেষ্টা সরদার মোশাররফের বিরুদ্ধে চার্জ গঠন শুনানি পিছিয়েছে।

রোববার (২৮ জুন) সকালে ঢাকার বিশেষ জজ-৫ আদালতের বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন শুনানি পরবর্তী সময়ের জন্য মূলতবি করেন। আদালতে মামলার শুনানির পরবর্তী তারিখ আগামী ১ সেপ্টেম্বর নির্ধারণ করা হয়েছে।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী মীর আহমেদ আলী সালাম জাগো নিউজকে বলেন, নির্ধারিত দিনে মামলাটির চার্জ গঠনের কথা ছিল। তবে আদালতে উপস্থিত জামিনে থাকা আসামি সরদার মোশাররফ হোসেনের আইনজীবীরা সময়ের আবেদন করলে বিচারক তা মঞ্জুর করেন এবং শুনানির জন্য নতুন তারিখ ঘোষণা করেন।

এর আগে চলতি বছরের ১৮ ফেব্রুয়ারি এই দুজনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিলেন আদালত। পরবর্তীতে ৮ এপ্রিল মামলাটি বিচারের জন্য ঢাকার বিশেষ জজ-৫ আদালতে বদলি করা হয়।

ইস্টার্ন হাউজিং লিমিটেডের গুলশান-২ এলাকার একটি ফ্ল্যাট কোনো ধরনের মূল্য পরিশোধ ছাড়াই প্রভাব খাঁটিয়ে অবৈধভাবে দখল এবং পরবর্তীতে তা রেজিস্ট্রি করার অভিযোগে গত বছরের ১৫ এপ্রিল দুদকের পক্ষ থেকে মামলাটি দায়ের করা হয়।

মামলায় টিউলিপ সিদ্দিক এবং রাজউকের তৎকালীন সহকারী আইন উপদেষ্টা শাহ মো. খসরুজ্জামান ও সরদার মোশাররফ হোসেনকে আসামি করা হয়। পরবর্তী তদন্ত শেষে গত ১১ ডিসেম্বর দণ্ডবিধি ও দুর্নীতি প্রতিরোধ আইনে চার্জশিট দাখিল করে দুদক। এর মধ্যে শাহ মো. খসরুজ্জামানের রিট আবেদনে এক পর্যায়ে তদন্ত কার্যক্রম সাময়িকভাবে স্থগিত থাকলেও পরবর্তীতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করা হয়।

এমডিএএ/এমআরএম