মাদারীপুরের ডাসার উপজেলার নবগ্রাম ইউনিয়নের পশ্চিম শশিকর এলাকার বাসিন্দাদের দুর্ভোগের শেষ নেই। এলাকার সংযোগ খালের ওপর থাকা সেতুটি ভেঙে পড়ার পর ৫ বছর পার হয়ে গেলেও সেখানে নতুন সেতু নির্মাণ করা হয়নি। ফলে ১৫ গ্রামের প্রায় ৫০ হাজার মানুষকে এখন জীবনের ঝুঁকি নিয়ে একটি বাঁশের সাঁকো দিয়ে পার হতে হচ্ছে।স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২১ সালের বন্যায় পশ্চিম শশিকর চৌমুহনী বাজার সংলগ্ন এই গুরুত্বপূর্ণ সেতুটি ভেঙে বিলীন হয়ে যায়। এরপর থেকে এলাকাবাসী নিজেদের উদ্যোগে একটি বাঁশের সাঁকো তৈরি করে চলাচল করছেন। এই পথ দিয়ে প্রতিদিন শশিকর উচ্চবিদ্যালয়, শশিকর কলেজ, পশ্চিম শশিকর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও হরলাল কমিউনিটি ক্লিনিকের কয়েক হাজার শিক্ষার্থী ও রোগী যাতায়াত করেন। এ ছাড়া আশপাশের ১৫টি গ্রামের কৃষিপণ্য পরিবহনের একমাত্র মাধ্যমও এই নড়বড়ে সাঁকোটি।বর্ষা মৌসুমে খালের পানি বাড়লে সাঁকোটি আরও ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। তখন শিশু, বৃদ্ধ ও অসুস্থ ব্যক্তিদের পারাপারে চরম বিপাকে পড়তে হয়। স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে জানান, দীর্ঘদিন ধরে জনপ্রতিনিধি ও প্রশাসনের কাছে দাবি জানালেও শুধু আশ্বাসই মিলেছে, কাজের কাজ কিছুই হয়নি।মাদারীপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী বাদল চন্দ্র কীর্তনীয়া বলেন, ‘সেতুটি নির্মাণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। বর্তমানে ডিপিপি (প্রকল্প প্রস্তাব) প্রণয়নের কাজ চলছে। প্রকল্পটি অনুমোদন পেলে দরপত্রের মাধ্যমে দ্রুত নির্মাণকাজ শুরু করা হবে।’/