সাংগঠনিক শৃঙ্খলা ও নীতিমালা পরিপন্থি কার্যকলাপের অভিযোগে জাতীয়তাবাদী আইসিটি ফোরামের (এনআইসিটিএফ) ১৩ জন নির্বাহী সদস্যকে বহিষ্কার করা হয়েছে।
মঙ্গলবার (৩০ জুন) ফোরামের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মামুন অর রশিদের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বহিষ্কার হওয়া ১৩ জনের বিরুদ্ধে পারস্পরিক সৌহার্দ্য পরিপন্থি বিভিন্ন কার্যকলাপ, সিনিয়র নেতৃবৃন্দের প্রতি অসৌজন্যমূলক আচরণ, সংগঠনের পদবি ও পরিচয় ব্যবহার করে অনাকাঙ্ক্ষিত ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগও আনা হয়েছে।
এ সংক্রান্ত চিঠিতে বলা হয়েছে, ৩০ জুন জাতীয়তাবাদী আইসিটি ফোরামের জরুরি সভা হয়। সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে ১৩ জন সদস্যকে বহিষ্কার করা হয়। তাদের মধ্যে কারও কারও বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির প্রমাণও পাওয়া গেছে।
বহিষ্কৃতরা হলেন- প্রফেসর শাহ জে মিয়া (উপদেষ্টা), আব্বাস ফারুক (উপদেষ্টা), রওশন কামাল জেমস (সাধারণ সম্পাদক), সামিউল ইসলাম (সহ-সভাপতি), রোকনুজ্জামান রনি (যুগ্ম সাধারণ সম্পাদক), প্রকৌশলী মো. জুয়েল (দপ্তর সম্পাদক), নাউয়িদ হোসেন (অর্থ সম্পাদক), শামীম আজাদ (সাংস্কৃতিক সম্পাদক), তাপিত হাসান চৌধুরী (প্রশিক্ষণবিষয়ক সম্পাদক), মো. আল-মামুন (সমাজকল্যাণ সম্পাদক), সাইমুম রেজা তালুকদার (আইনবিষয়ক সম্পাদক), রেয়াদ হাসনাইন (সদস্য) ও মাকসুদ হোসাইন (সদস্য)।
সংগঠনের বৃহত্তর স্বার্থ, শৃঙ্খলা এবং কার্যক্রমের সুষ্ঠু পরিবেশ বজায় রাখার লক্ষ্যে এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
ইএইচটি/এমকেআর







