চলতি বছরের প্রথম ছয় মাসে রবি এলিটের গ্রাহক সম্পৃক্ততা বৃদ্ধি, সেবার উৎকর্ষ ও গ্রাহকদের জন্য মূল্য সংযোজনে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতিস্বরূপ ২০টি প্রতিষ্ঠানকে রবি এলিট পার্টনারস এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৬ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৩০ জুন) রাজধানীতে রবি আজিয়াটা পিএলসির করপোরেট কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে বিজয়ী প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের হাতে এ সম্মাননা তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে রবি আজিয়াটা পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জিয়াদ সাতারা এবং প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ ছাড়া রবি এলিটের অংশীদার বিভিন্ন ব্র্যান্ডের প্রতিনিধিরাও অনুষ্ঠানে অংশ নেন।
সম্মাননা পাওয়া প্রতিষ্ঠানগুলো হলো— পাঠাও, ওয়ালটন, স্বপ্ন ডটকম, ঢাকা ব্যাংক, আইসিডিডিআর,বি, শেয়ারট্রিপ, বাবুল্যান্ড বাংলাদেশ, রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউ, সিক্রেট রেসিপি, সি পার্ল হোটেল অ্যান্ড রিসোর্ট, টেস্টি ট্রিট, মিঠাই, স্যাভয়, ব্যান্ডবক্স, যান্ত্রিক, পিজ্জা ইন, চলোঘুরি ডটকম, মেন্টরস, স্টার টেক, বিডিট্যাক্স টেকনোলজি এবং গোল্ড’স জিম।
অনুষ্ঠানে রবির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জিয়াদ সাতারা বলেন, ‘আমাদের অংশীদার প্রতিষ্ঠানগুলোকে নিয়ে রবি এলিট পার্টনারস এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৬ উদযাপন করতে পেরে আমরা আনন্দিত। এই আয়োজন আমাদের পারস্পরিক সহযোগিতা ও গ্রাহককেন্দ্রিক সেবার যৌথ অঙ্গীকারের প্রতিফলন। অংশীদার ব্র্যান্ডগুলোর আস্থা ও ধারাবাহিক সহযোগিতায় আমরা রবি এলিটের মাধ্যমে দেশের শীর্ষস্থানীয় লাইফস্টাইল ইকোসিস্টেম গড়ে তুলেছি। গ্রাহকদের প্রত্যাশার সঙ্গে তাল মিলিয়ে উদ্ভাবন ও নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করার ওপরও আমরা গুরুত্ব দিচ্ছি।’
এ বিষয়ে রবির চিফ কমার্শিয়াল অফিসার শিহাব আহমাদ বলেন, ‘ব্যাংকিং, ভ্রমণ, স্বাস্থ্যসেবা, হসপিটালিটি, খুচরা বিক্রয়, শিক্ষা, প্রযুক্তি ও লাইফস্টাইলসহ বিভিন্ন খাতের শীর্ষস্থানীয় ব্র্যান্ডগুলোর সঙ্গে অংশীদারত্বের মাধ্যমে আমরা রবি এলিট গ্রাহকদের জন্য বিশেষ সুবিধা নিশ্চিত করছি। ভবিষ্যতে এই অংশীদারত্ব গ্রাহকসেবায় আরও নতুন মাত্রা যোগ করবে বলে আমরা বিশ্বাস করি।’
রবি এলিট হলো রবি আজিয়াটা পিএলসির প্রিমিয়াম লয়্যালটি প্রোগ্রাম। বর্তমানে এটি দেশব্যাপী দেড় হাজারের বেশি অংশীদার ব্র্যান্ডের ৫ হাজারের বেশি আউটলেটের মাধ্যমে এক কোটিরও বেশি প্রিমিয়াম গ্রাহককে এক্সক্লুসিভ লাইফস্টাইল সুবিধা, আকর্ষণীয় অফার এবং বিভিন্ন রিওয়ার্ড প্রদান করছে। রবি এলিট পার্টনারস এক্সিলেন্স অ্যাওয়ার্ড এই সফল যাত্রায় গুরুত্বপূর্ণ অবদান রাখা অংশীদার প্রতিষ্ঠানগুলোর প্রতি কৃতজ্ঞতা ও স্বীকৃতির বহিঃপ্রকাশ।
ইএইচটি/এমএএইচ/







