‘জয় বাংলা’ স্লোগান প্রসঙ্গে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক লস্কর মো. তসলিম বলেছেন, বক্তৃতার আগে জয় বাংলা, বক্তৃতার শেষে জয় বাংলা। এখন কি সেটা আছে? নেই। জয় বাংলার বিদায় হয়েছে, যে পরিভাষাটা এসেছিল ওপার থেকে। এখন জিন্দাবাদের বিজয় হয়েছে।
তিনি বলেন, আশা করি জিন্দাবাদ এদেশে প্রতিষ্ঠিত হবে। জিন্দাবাদের শিকড় অনেক মজবুত। জুলাইয়ের গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশের মানুষ প্রমাণ করেছে, তারা জয় বাংলাকে চান না।
শনিবার (১১ জুলাই) সকালে কিশোরগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কিশোরগঞ্জ জেলা শাখা আয়োজিত ট্রেড ইউনিয়ন প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
লস্কর মো. তসলিম বলেন, ‘(বিগত সরকারের সময়) কয়েকজন একসঙ্গে বসলেই আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ আনা হতো। এমনকি আমাদের জঙ্গি হিসেবে আখ্যায়িত করারও চেষ্টা করা হয়েছে। একই সময়ে একটি গোষ্ঠী দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিয়ে রাষ্ট্রের অর্থ বিদেশে পাচার করছিল। কিন্তু আল্লাহর রহমতে দেশের তরুণ-যুবক, শ্রমিক ও সাধারণ মানুষের সম্মিলিত আন্দোলনে সেই অপশক্তির পতন ঘটেছে।’
আরও পড়ুন
‘জুলাই যোদ্ধা’ ট্যাগে নগ্ন ভিডিও ধারণ, দিতে হলো ‘জয় বাংলা’ স্লোগান
সম্মেলনে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন শ্রমিক কল্যাণ ফেডারেশন কিশোরগঞ্জ জেলা শাখার প্রধান উপদেষ্টা অধ্যাপক মো. রমজান আলী।
জেলা শাখার সভাপতি খালেদ হাসান জুম্মনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাহফুজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শাখার উপদেষ্টা অধ্যক্ষ মোহাম্মদ আজিজুল হক, মাওলানা নাজমুল ইসলাম এবং অধ্যক্ষ মোসাদ্দেক ভূঁঞা।
এসকে রাসেল/এসআর/এএসএম








