নাটক ও চলচ্চিত্রের অভিনেত্রী জয়ীতা রহমান। এক যুগের অভিনয়জীবনে দর্শকের কাছে পরিচিতি অর্জন করেছেন। অভিনয়ের ব্যস্ততার পাশাপাশি নারী উদ্যোক্তা হিসেবেও নতুন পরিচয় গড়ে তুলেছেন। সম্প্রতি নিজের নামে অনলাইনভিত্তিক ফ্যাশন ব্র্যান্ড ‘জয়ীতা ফ্যাশন’ প্রতিষ্ঠা করেছেন এই অভিনেত্রী। 

এ বিষয়ে জয়ীতা রহমান জানান, প্রাথমিকভাবে নারী ও শিশুদের পোশাক ও অলংকার নিয়ে যাত্রা শুরু করেছে ‘জয়ীতা ফ্যাশন’। এসব পোশাকে থাকছে নিজস্ব নকশা ও হাতের কাজের বিশেষত্ব। বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমে পণ্য বিক্রি করছেন। ধীরে ধীরে পণ্যের পরিধি বাড়ানোর পাশাপাশি অফলাইন শোরুম চালুরও পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি। 

অভিনয় ও ব্যবসা—দুই ক্ষেত্রই সমান গুরুত্ব দিয়ে এগিয়ে নিতে চান জয়ীতা। তার ভাষায়, “বর্তমানে নতুন নতুন পণ্য নিয়ে কাজ চলছে। ব্যবসাটিকে সুসংগঠিত করার পাশাপাশি অভিনয়েও নিয়মিত থাকতে চাই।” 

জয়ীতা রহমান ২০১৪ সালে নাটকে অভিনয়ের মাধ্যমে মিডিয়ায় যাত্রা শুরু করেন। অভিনয়ের পাশাপাশি কিছুদিন চাকরি করলেও পরবর্তীতে অভিনয়ের ব্যস্ততার কারণে সেই পেশা ছেড়ে দেন। তার অভিনীত উল্লেখযোগ্য নাটকের মধ্যে রয়েছে—‘যদি হতো’, ‘ছায়া বিবি’, ‘রোজাদার’, ‘তৃতীয় অঙ্ক’, ‘টিকটক গার্লফ্রেন্ড’, ‘মধ্যবিত্তের বারান্দা’ ও ‘মনচোরা’। এছাড়া মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘উদীয়মান সূর্য’-এ অভিনয় করেছেন। পাশাপাশি বেশ কয়েকটি বিজ্ঞাপনচিত্র ও টিভি ফিলারেও কাজ করেছেন এই অভিনেত্রী।